• Home
  • জেলার খবর
  • টাকার পর সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম থেকে আগ্নেয়াস্ত্র, অভিযোগ দায়ের মুচিপাড়ায়

টাকার পর সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম থেকে আগ্নেয়াস্ত্র, অভিযোগ দায়ের মুচিপাড়ায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ব্যাগ ভর্তি টাকার পর এবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। তল্লাশি চলাকালীন তা পাওয়া যায় বলে খবর। এরপরই দুই তৃণমূল নেতা দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ও পরিতোষ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুচিপাড়া থানায়। তাঁদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে অস্ত্র আইনে। ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র রাখার নেপথ্যে কারণ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি দুজনকে জেরা করা হবে বলেও খবর। 

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে কলেজের গর্ভনিং বডির সদস্য ছিলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্ত তাঁর অন্যতম সহযোগী। তদন্তকারীদের বক্তব্য, দুজনে যোগসাজস করে বহুদিন বন্ধ করে রেখেছিলেন ইউনিয়ন রুম। এমনকি একতলার একাধিক ঘর তালাবন্ধ করে রাখাতেও হাত ছিল দুজনের বলে দাবি। আরও খবর, তদন্তে এও উঠে এসেছে তালাবন্ধ ঘরগুলি নিজেদের কাজে লাগাতেন দুজনে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ভয় দেখানো সহ আরো অভিযোগ রয়েছে। যদিও আরও নিশ্চিত হতে দুই অভিযুক্তকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ চালাবেন বলে খবর।

প্রসঙ্গত, মঙ্গলবার ইউনিয়ন রুম খোলা হয়েছিল পরিষ্কার করার জন্য। তখন আলমারি থেকে উদ্ধার হয় দুটি বাক্স, যা খুলতে দেখা যায় ১০০ ও ৫০০ টাকার বান্ডিল, যা বেশিরভাগ উইপোকায় খাওয়া। খবর পেয়ে সেখানে গিয়ে তল্লাশি চালায় মুচিপাড়া থানার পুলিশ এবং তখন উদ্ধার হয় এক আগ্নেয়াস্ত্র। তদন্তের দাবি জানিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষের বক্তব্য, “কত টাকা থাকলে উঁইতে টাকা খায়? আগেই জানিয়েছিলাম কলেজের ইউনিয়ন ফান্ডে দেড় কোটি টাকা রয়েছে। সব টাকা গরিবের। ছেলে-মেয়েদের ভর্তির টাকা। এই সমস্ত কলেজগুলিতে পড়ুয়াদের কোটি কোটি টাকার বিনিময়ে ভর্তি করানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top