• Home
  • জেলার খবর
  • সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা, খোঁজ পাওয়া যায় বেডরুমেরও

সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা, খোঁজ পাওয়া যায় বেডরুমেরও

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চাঞ্চল্যকর ঘটনা শিয়ালদহে অবস্থিত সুরেন্দ্রনাথ কলেজে। ইউনিয়ন রুম থেকে উদ্ধার দুই ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া টাকা। এখানেই শেষ নয়, কিছুক্ষণের মধ্যে খোঁজ পাওয়া যায় দুটি বেডরুমেরও। অভিযোগ, তা ব্যবহার করতেন কলেজ পরিচালন সমিতির সদস্য, তথা তৃণমূল নেতা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ওরফে কানকাটা দেবু ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আরও অভিযোগ, এই ঘরেই ওই তৃণমূল নেতাদের মাসাজ দিতে হতো কলেজের চাকুরিরতদের। পাশাপাশি কনডোমের প্যাকেটও পাওয়া গিয়েছে কমনরুম থেকে। 

জানা গিয়েছে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এই দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন টেরেস ফেসিলিটির নামে। বাবা-ছেলের কাছেই ঘরের চাবি থাকতো। আরো জানা গিয়েছে, দুটি বেডরুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম, এসি, খাট, দামি বিছানা। আলমারিতে রয়েছে বালিশ। অন্যদিকে, কলেজের ছাদে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মদের বোতল। যদিও এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি কিছুই জানেন না এই বেডরুমের ব্যাপারে।

বেডরুমগুলির খোঁজ পাওয়া যেতেই কলেজে পৌঁছন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। বেডরুমগুলিকে, সেখানে গিয়ে, কটাক্ষ করেন ‘ওয়ো রুম’ বলে। তাঁর উপস্থিতিতেই কন্ডোমের প্যাকেট পাওয়া যায় কলেজের কমনরুম থেকে। উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি বিধায়ক আর্জি জানিয়েছেন ইডি তদন্তের। তাঁর অভিযোগ, কলেজের দুর্নীতির টাকা সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে যেত কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে। এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায়। কী হবে শেষ পর্যন্ত? সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top