দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস। কালীঘাট ও হরিশ মুখার্জী রোডের বাড়িতে ভাঙার নোটিস পৌঁছনোর পর তা নিয়ে বড় মন্তব্য করলেন ঘাসফুল শিবিরের সেনাপতি। তাঁর সাফ কথা, তিনি মাথা নত করবেন না।
মঙ্গলবার কালীঘাটে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে এই ব্যাপারে নিজের অবস্থান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যা খুশি করুক ওরা। ভেঙে দিক আমার বাড়ি, নোটিস পাঠাক। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে থামবে না।” শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় নিশানা করে তিনি বলেন, “বহু মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যে। কিন্তু বর্তমান জনের মত কেউ নন। যাকে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে, তাকেই বানানো হয়েছে মুখ্যমন্ত্রী।”
প্রসঙ্গত, সোমবার থেকেই আলোচনায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৮৮এ হরিশ মুখার্জী রোডের ‘শান্তিনিকেতন’ এবং ১২১ কালীঘাট রোডের সম্পত্তি। দুই বাড়িতেই প্ল্যান-বহির্ভূত নির্মাণ রয়েছে বলে অভিযোগ তোলা হয় কলকাতা পুরসভার তরফ থেকে এবং তাই নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে ৭ দিনের মধ্যে অতিরিক্ত অংশ ভেঙে ফেলার। নচেৎ পুরসভা নিজেই তা বুলডোজার দিয়ে ভেঙে দেবে বলে জানানো হয়েছে।



By










