দেবজিৎ মুখার্জি: বর্তমানে জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় প্রশ্নফাঁসের জেরে নিট বাতিল হওয়া। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। তা নিয়ে এবার বড় মন্তব্য করে বসলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তাঁর মতে, সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া উচিত নিট পরীক্ষাটাই।
বিবৃতি জারি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, সিবিআই তদন্ত হয়েছিল ২০২৪ সালে প্রশ্নফাঁসের পর। তৈরি করা হয়েছিল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। ৯৫টি সুপারিশও তাদের তরফ থেকে করা হয়েছিল। কিন্তু তারপরও বছর দুয়েকের মধ্যেই আবার প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিল মানে বিরাট খামতি রয়েছে এই পদ্ধতিতে।
বিজয় ইতিহাস মনে করিয়ে দিয়ে বলেছেন, “দলমত নির্বিশেষে সর্বদা নিটের বিরোধিতা তামিলনাড়ু করেছে। কারণ এই পরীক্ষায় সমস্যায় পড়ে সরকারি স্কুলের পড়ুয়া, গ্রামের পরীক্ষার্থী, তামিল ভাষায় লেখাপড়া করা পড়ুয়ারা। সেই কারণে তামিলনাড়ুকে মেডিক্যালে ভর্তি করানোর অনুমতি দেওয়া হোক দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই।” প্রসঙ্গত, বহুদিন ধরেই তামিলনাড়ুর তরফ থেকে সুর চড়িয়ে আসা হচ্ছে নিট পরীক্ষা বন্ধের দাবিতে।



By













