দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: নবনির্বাচিত বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত সন্দেহ দ্বিতীয় বাইকটিও। বারাসাতের ১১ নম্বর রেলগেটের ধারে তা পাওয়া গিয়েছে পরিত্যক্ত অবস্থায়।
তদন্তকারীদের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে চন্দ্রনাথ রথকে হত্যার পর সেই বাইকে করে দুষ্কৃতীর ঘটনাস্থল ছেড়ে পালান। পরে অন্য কোথাও তাঁরা গা-ঢাকা দেন রেলগেটের কাছে বাইকটি ফেলে। খতিয়ে দেখা হচ্ছে যে উদ্ধার হওয়া বাইকের সাথে হত্যার কোনও যোগ সরাসরি রয়েছে কিনা। এর আগে পুলিশ একটি বাইক উদ্ধার করেছিল মধ্যমগ্রাম এলাকা থেকে, যার নম্বরপ্লেট ভুয়ো এবং ইঞ্জিন নম্বর ঘষে মুছে দেওয়া হয়েছিল বলে জানা যায়। সূত্র মারফত খবর, দ্বিতীয়টির ক্ষেত্রেও মিলেছে একইরকমের চিহ্ন। ফলে সন্দেহ আরও জোরালো হয়েছে তদন্তকারীদের যে পুরো পরিকল্পনার সঙ্গেই ঘটনাটি ঘটানো হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে অবস্থান জানিয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস, দুই দলই। গেরুয়া শিবির এই হত্যার জন্য দায়ী করেছে ঘাসফুল শিবিরকে। যদিও প্রাক্তন শাসকদল উড়িয়ে দিয়েছে সেই অভিযোগ এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মৃত চন্দ্রনাথের মাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বঙ্গ রাজনীতিতে। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ঘটনার তদন্ত করতে এবং আটক করা হয়েছে কয়েকজন সন্দেহভাজনকে। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়।



By










