দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় নানা ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, যার মধ্যে অন্যতম কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাক ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা। ঘটনাকে ঘিরে চর্চা ও আলোচনা অব্যাহত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। প্রতিনিয়ত একে অপরকে কটাক্ষ ও পাল্টা কটাক্ষ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বলা ভালো, ঘটনার রেশ এখনো কাটেনি।
এমন চাঞ্চল্যকর পরিস্থিতিতে তিলোত্তমায় পা রাখতে চলেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সূত্র মারফত জানা গিয়েছে যে তিনি বৃহস্পতিবার কলকাতায় আসছেন ৩ দিনের সফরে। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে লিগ্যাল অ্যাডভাইজাররাও থাকবেন। আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। তল্লাশীর সময় কিভাবে প্রশাসনিক বাধা সামলানো যায়, সেই ব্যাপারে তিনি পরামর্শ দিতে পারেন।
উল্লেখ্য, ৮ই জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্ত করতে আইপ্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আসেন। খবর জানাজানি হতেই দুই জায়গাতেই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশকিছু ফাইল ও নথি নিয়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, কেন্দ্রের নির্দেশে, গোপন নথি চুরির অভিযোগ তোলেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় ইডির তরফ থেকে। একে অপরের দিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের আঙুল তোলে ঘাসফুল ও গেরুয়া শিবির। পথে নেমেও এর প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো ও দলের অন্যান্য নেতারা। মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই আদালত পর্যন্তই। এবার দেখার যে আসন্ন দিনগুলিতে কি হয়।



By










