দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পদ্মপুকুরে জনসভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এও দাবি করলেন যে টাকা বিলি করলেও ভোট পাবে না বিজেপি। পাশাপাশি, ক্ষোভ উগড়ে দেন পুলিশের উপরেও।
পদ্মপুকুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “গতকাল ৩০০ কোটি টাকা নিয়ে ঢুকেছে ওড়িশা থেকে। আনা হয়েছে কালো স্করপিও গাড়িতে। পুলিশ আটকায়নি। যাবে বস্তিগুলোতে। দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে। টাকাও বিলি করেছে একটি জায়গায়। টাকা নেবে তারা বলেছে। ভোট দেবে না। আমি বলবো না কোন জায়গা।” এরপরই দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, “এখানে লক্ষ্য রাখুন আপনারা। যে সমস্ত বাড়ি তৈরি হয়েছে নতুন, কিন্তু কেউ থাকেন না। নজর রাখুন সেই সমস্ত বাড়িতে। বহু ধর্মশালা, গেস্ট হাউস পাড়ায়। আগামীকাল প্রচার শেষ হয়ে যাওয়ার পর যেন থাকতে না পারে কেউ। কারণ, চলে যাবে আপনার ভোটটা দিয়ে।”
নাম না করে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবানীপুরটা ভবানীপুর। আলাদা কলকাতার ভোট আর তোমার নন্দীগ্রামের লুট করে ভোট।” তারপর তাঁর বক্তব্য, “নাম নিই না মুখে। শুধু মিথ্যে। অভিষেককে গালাগাল দেয় সবসময়। যোগ্য নয় ওর পায়ের। বলেই দিলাম আজ। অভিষেকের সঙ্গে আগে লড়। তারপর আয় আমার সঙ্গে।” প্রথম দফায় একশোর বেশি আসন পাচ্ছে জানিয়ে এদিন তিনি ফের বলেন, “সেঞ্চুরি হয়ে গিয়েছে প্রথম দফায়। করতে হবে ডবল সেঞ্চুরি। যাতে সরকার ফেলে দিতে না পারে সদস্য কিনে নিয়ে।”



By











