• Home
  • জেলার খবর
  • বালুরঘাটের রোড শো বিজেপির, নানা ইস্যু তুলে তৃণমূলকে আক্রমণ নীতিন নবীনের

বালুরঘাটের রোড শো বিজেপির, নানা ইস্যু তুলে তৃণমূলকে আক্রমণ নীতিন নবীনের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ দিনাজপুর: প্রথম দফার ভোটের আগে অন্তিম রবিবার বালুরঘাটে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে শহরে রোড শো করলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন। 

মঙ্গলপুর মোড় থেকে রোড শো শুরু হয়। বাসস্ট্যান্ড, সাধনামোড়, ডানলপ মোড়, আন্দোলন সেতু, থানা মোড় সহ নানা এলাকা ঘুরে মিছিল শহর পরিক্রমা করে। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মতো। প্রার্থী বিদ্যুৎ কুমার রায় ছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ গেরুয়া শিবিরের নেতৃত্ব।

সভামঞ্চ থেকে নীতিন নবীনের দাবি, এবার গেরুয়া শিবির ক্ষমতায় আসবে এবং বিকাশ নিয়ে আসবে। মহিলা সংরক্ষণ আইন নিয়ে ঘাসফুল শিবিরকে নিশানা করে তাঁর বক্তব্য, “বিরোধীরা সংসদে মহিলা সংরক্ষণ আইন আটকানোর কাজ করেছে। তার বিরোধিতা করেছেন এখানকার মুখ্যমন্ত্রীও।” রাজ্যের মহিলাদের তিনি আবেদন করেন আগামী ভোটে তার জবাব দেওয়ার। নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বিজেপি নেতার বক্তব্য, “সরকার চলছে মা-মাটি-মানুষের নামে, কিন্তু অপমান করা হয়েছে মা-বোনেদেরই। কীভাবে লাঞ্ছনা দেওয়া হয়েছে তাঁদের, আমরা ভুলিনি।”

ইউনিফর্ম সিভিল কোড নিয়েও নীতিন নবীন সরব হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “কেন বিরোধিতা করছেন আপনি ইউসিসির? নিজেদের অধিকার কি পাবে না রাজ্যবাসীরা?” অনুপ্রবেশ ইস্যুতে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করে তাঁর অভিযোগ, শাসক শিবিরের কঠোর অবস্থান না নেওয়ার পেছনে ভোটব্যাঙ্কের রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top