• Home
  • জেলার খবর
  • হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও ঘিরে হইচই রাজনৈতিক মহলে

হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও ঘিরে হইচই রাজনৈতিক মহলে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নয়া বিতর্ক। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে বলতে শোনা গিয়েছে যে তিনি যেকোনও মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে চান এবং সেই কারণে তিনি যোগাযোগ করেছেন বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে। এমনকি তিনি প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা হয়েছে বলেও দাবি করেছেন। 

ভিডিওতে হুমায়ুন কবীরকে শুভেন্দু অধিকারীর নাম নিতেও শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, “আমার কথা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি আমাকে বললেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন দিল্লি নিয়ে গিয়ে। কথা হয়েছে আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও।” তাঁকে আরো বলতে শোনা যায়, “আমাকে প্রধানমন্ত্রী দপ্তর থেকেই বলা হয় কথা বলতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে। আমার নিয়মিত কথা হচ্ছে মহান যাদব্জির সঙ্গে।” পাশাপাশি তিনি এই ইঙ্গিতও দিয়েছেন যে তাঁর কথা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও।

হুমায়ুন কবীর মন্তব্য করেছেন মুসলিম ভোট প্রভাবিত করার কৌশল নিয়েও। তিনি বলেন, “বাবরি ইস্যু তোলার পর যেভাবে আমার দিকে মানুষের আবেগ ঝুঁকেছে, তাতে আমি নিশ্চিত যে ৮০-৯০ আসন পাবই। বোকা বানানোটা খুবই সহজ মুসলিমদের। আমার কিছু টাকা সেটার জন্য দরকার। ৩-৪ কোটি টাকা করে প্রতিটি কেন্দ্রে খরচ করতে হবে। সব মিলিয়ে দরকার হাজার কোটি টাকা।” 

এমন মন্তব্য জনসম্মুখে আসতেই হইচই পড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল প্রার্থী, তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী, ফিরহাদ হাকিম কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “এভাবে মুসলমানদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলাটা অন্যায় টাকার বিনিময়ে। এটা পাপ। এরপর একটা ভোটও দেওয়া উচিত নয় ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top