• Home
  • জেলার খবর
  • আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান লিয়েন্ডার পেজের

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান লিয়েন্ডার পেজের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যেটা মনে করা হচ্ছিল অবশেষে সেটাই হল। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিলেন টেনিস কিংবদন্তি, তথা অলিম্পিক পদকজয়ী তারকা, লিয়েন্ডার পেজ। তিনি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বঙ্গ বিজেপির সদস্য হলেন। ভোটের আগে এটি যে বঙ্গ বিজেপির কাছে একটি বড় বিষয় বা যোগদান, তা বলাই বাহুল্য। 

গত কয়েকদিন ধরেই আলোচনায় ছিলেন লিয়েন্ডার পেজ। সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে কলকাতায় নিউটাউনের এক পাঁচতারা হোটেলে তাঁর বৈঠকের পর থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে তিনি হয়তো গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। সোমবার তাঁর বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। অবশেষে মঙ্গলবার তিনি দলের অংশ হলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে।

এই যোগদান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমরা বড় হয়েছি লিয়েন্ডার পেজের ছবি ভিডিয়ো দেখে। এটা বিরাট মুহূর্ত বিজেপির জন্য। বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত লিয়েন্ডার পেজের নাম।” তাঁর সংযোজন, “বাংলার ভাষায় সনেট প্রচলিত করেছিলেন যিনি , সেই মাইকেল মধুসূদন দত্তের পরিবার থেকে এসেছেন তিনি।” তিনি দাবি করেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে টেনিস কিংবদন্তির এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

অন্যদিকে যোগদানের পর লিয়েন্ডার বলেন, “অনেক বড় দিন আমার জীবনের। ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দেশের হয়ে ৪০ বছর খেলেছি, সুযোগ পাব নতুন খেলার। সুযোগ পাবো এবার দেশের মানুষের সেবা করার। প্রধানমন্ত্রী যে খেলাে ইন্ডিয়ার যে প্রজেক্টে, তেমনভাবেই আমি নজর দিতে চাই যুবসমাজের উপর। আরও উন্নত করাই লক্ষ্য, দেশের আগামী ২০ বছর পর, খেলার যে পরিকাঠামো, তার রূপরেখা।” এবার দেখার বিষয় যে লিয়েন্ডারের যোগদান বাংলার মাটিতে বিজেপির সংগঠনে কোনও পরিবর্তন আনে কিনা। ভোটে এর কোনও প্রভাব পড়ে কিনা, সেটাই এখন নজরে রাখার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top