দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পর হতে চলা বিধানসভা ভোট নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই তা সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা জায়গায় সভা করে চলেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে বাংলার মাটিতে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার চার্জশিট প্রকাশ করার সময় অমিত শাহের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করা হয়। এসআইআর থেকে শুরু করে অনুপ্রবেশ সহ একাধিক বিষয়ে ঘাসফুল শিবিরকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে এসআইআর নিয়ে তাঁর প্রশ্ন, “কেন শুধু এই রাজ্যেই বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করতে হলো সুপ্রিম কোর্টকে? যা ইচ্ছা অভিযোগ আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা বার করবোই অনুপ্রবেশকারীদের। অসমে প্রবেশ করার কোনও সুযোগ নেই। এবার পালা বাংলায়।”
অনুপ্রবেশকারীদের ইস্যুতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে একহাত নিয়ে অমিত শাহ বলেন, “এত অনুপ্রবেশকারী ঢুকছে, ঘুমোচ্ছে মমতাজির সরকার? প্রশ্ন তুলবেন, কী করছে বিএসএফ? তখনই ওরা কিছু করতে পারবে, যখন সীমান্তে আপনি বেড়া লাগাতে দেবেন।”



By










