দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে ভোটের হাওয়া বইছে গোটা পশ্চিমবঙ্গে। রাজ্য রাজনীতি উত্তপ্ত একাধিক ইস্যুতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে গোটা বাংলা। এই আবহে শনিবার ব্রিগেডে প্রশাসনিক সভার পর জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে যে এদিন তাঁর তরফ থেকে দেওয়া হতে পারে বড় চমক।
তবে প্রধানমন্ত্রীর সভার আগে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং দেখা গেল কলকাতা জুড়ে। শহরের একাধিক জায়গা থেকে উঠে এসেছে এই চিত্র। ‘গো ব্যাক মোদি’ হোর্ডিংয়ে বাংলার আইকনদের অপমান না করার পাশাপাশি বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবিও করা হয়েছে। যদিও এর সঙ্গে কে বা কারা যুক্ত, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ হোডিংয়ে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম লেখা নেই। বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছে গিয়েছে।
অনেকে মনে করছেন যে এর পেছনে হাত রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। তাঁদের মতে, ঘাসফুল শিবির যে লোগো প্রচার করেছে ‘বয়কট বিজেপি’ স্লোগান দিয়ে, তা পুরোপুরি মিলে গেছে হোর্ডিংয়ে থাকা ‘বয়কট বিজেপি’ লোগোর সঙ্গে। বিজেপি মনে করছে যে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তাদের অভিযোগের আঙ্গুল যে তৃণমূল কংগ্রেসের দিকে, তা বলাই বাহুল্য। যদিও ঘাসফুল শিবিরের তরফ থেকে এই ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।



By











