দেবজিৎ মুখার্জি, কলকাতা: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে চাপে পড়েছে ভারত সহ গোটা বিশ্ব। জ্বালানি সংকট দেখা গিয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। বাদ যায়নি বাংলাও। গ্যাস সরবরাহ নিয়ে চিন্তায় পড়েছেন সকল রাজ্যবাসী। গ্যাস সাপ্লাই সেন্টারগুলিতে টান পড়েছে সাপ্লাইয়ের ক্ষেত্রে। ভয় থেকে দেখা গিয়েছে বাড়তি গ্যাস সিলিন্ডার স্টোর করার টেনডেন্সি। অনেকে আবার অভাবের ভয়ে অতিরিক্ত দাম দিয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার। কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে চোখের নিমেষে। এই সবটা রুখতে ও সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে শুরু থেকে বড় উদ্যোগ রাজ্য সরকারের।
গ্যাস সাপ্লাই ঠিকঠাক রাখতে বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে ১০ দফা নির্দেশ দিয়ে তৈরি হয়েছে এসওপি বা বিশেষ নির্দেশিকা। তাতে প্রাধান্য দেওয়া হয়েছে ঘরের কিচেন, মিড ডে মিল ও হাসপাতাল পরিষেবাকে। লাগাম টানা হয়েছে হোটেল, রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সাপ্লাইয়ের ব্যাপারে। এক নজরদারি কমিটি তৈরি করার পাশাপাশি ২৪ ঘন্টা হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। সমস্যায় পড়লে ফোন করা যাবে ১০৭০ (হেল্পলাইন নম্বর), ০৩৩-২২১৪ ৩৫২৬ (ল্যান্ডলাইন নম্বর) এবং ৮৬৯৭৯৮১০৭০ (মোবাইল নম্বর)।
বলে রাখা প্রয়োজন, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করেছিলেন রাজ্যের নানা তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে এবং জানিয়েছিলেন যে একটি নির্দেশিকা তৈরি হবে সকলের সঙ্গে সমন্বয় রেখে। পাশাপাশি, অকারণে গ্যাস সংকটের মতো পরিস্থিতি রুখতে কড়া নজরদারি দেওয়ার নির্দেশের পাশাপাশি সাপ্লাই সংস্থাগুলিকেও বেশ কয়েকটি অনুরোধ করেছিলেন।



By










