• Home
  • জেলার খবর
  • কুমারগ্রামে চাঞ্চল্য, বিজেপি বিধায়কের বাড়ি থেকে বিলি নাগরিকত্বের সার্টিফিকেট

কুমারগ্রামে চাঞ্চল্য, বিজেপি বিধায়কের বাড়ি থেকে বিলি নাগরিকত্বের সার্টিফিকেট

Image

দেবজিৎ মুখার্জি, আলিপুরদুয়ার: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যবাসীর উত্তেজনার পারদ চড়ছে। এমন পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আলিপুরদুয়ারের কুমারগ্রামে। কী ঘটেছে সেখানে? নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরের বিধায়কের বাড়ি থেকে। তা বিলি করছেন স্থানীয় বিধায়ক মনোজ ওরাওঁ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সার্টিফিকেট বিজেপি নেতারা হাতে পাচ্ছেন?

ঘটনার সূত্রপাত ২০০০ সালে বাংলাদেশ থেকে আসা ৪ জনের, কদিন আগে, সিএএ সার্টিফিকেট পাওয়া থেকে। তাঁদের হাতে তা তুলে দিয়েছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। সাধারণ মানুষ যাঁরা সিএএতে আবেদন করবেন, ইমেইল মারফত তাঁদের হাতে কাগজ আসার নিয়ম। পরে তাঁদের কাছে সার্টিফিকেট আসবে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে সার্টিফিকেট বিজেপি নেতা, বিধায়কদের হাতে এলো কিভাবে? তাহলে কি নির্বাচনের আগে প্রচারের জন্য, তা বিলি করা শুরু করেছেন বিজেপি নেতারা? জানা যাচ্ছে, এলাকার আরো কজন আবেদনকারী সেই সার্টিফিকেট পাবেন।

ঘাসফুল শিবিরের প্রশ্ন, কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ইস্যু করা সার্টিফিকেট দিচ্ছেন বিজেপি নেতারা? দলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকের বক্তব্য, “আলোচনা চলছে যে বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায়। ঘুরপথে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। এই আশাপূর্ণ হবে না ওদের।” অন্যদিকে মনোজ কুমার ওরাওঁ বলেন, “সার্টিফিকেট এসেছে যেখানে যেখানে সিএএ ক্যাম্প হয়েছিল। আমার বাড়িতে হয়েছিল। সেই কারণে সার্টিফিকেট এসেছে এখানে। আমার বাড়ির ক্যাম্পে আসার চারটি সার্টিফিকেট দিয়েছি আমি। অন্যান্য কেন্দ্রেও চলে গিয়েছে সার্টিফিকেট। বিলি করা হবে সব।” ঘাসফুল শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “আসলে তৃণমূল বিপদে পড়ে গিয়েছে একশ্রেণীর অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াতে গিয়ে। ওরা আরো বিপদে পড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top