দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের জেরে বাদ পড়েছে অজস্র বৈধ ভোটারের নাম। তার প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রতিনিয়তই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আক্রমণ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো ও দলের অন্যান্য প্রভাবশালীরা।
আজ ধরনা পড়েছে চতুর্থদিনে। এদিনও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন যে যতদিন না পর্যন্ত বিচারাধিনরা নিজেদের ভোটাধিকার ফিরে পাচ্ছেন, ততদিন পথে নেমে আন্দোলন চালাবে তৃণমূল কংগ্রেস। তবে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুরোধও করেন যেন তিনি লড়াইয়ের কথা ভেবে শরীর না খারাপ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ততদিন আমাদের লড়াই চলবে যতদিন না পর্যন্ত আপনারা (নির্বাচন কমিশন) অধিকার ফিরিয়ে দেবেন ৬০ লক্ষ মানুষকে।” এরপরই তৃণমূল সুপ্রিমোকে অনুরোধ করে তিনি বলেন, “রাস্তায় থাকতে চান আপনি। কিন্তু আপনার শরীর খারাপ করবেন না রাজ্যবাসীদের স্বার্থে তাঁদের জন্য লড়াইয়ের কথা ভেবে।” তাঁর সংযোজন, “তৃণমূলের ছাত্র যুবরা আছে। লড়াই তারা বুঝে নেবে।” অর্থাৎ ঘাসফুল শিবিরের সেনাপতির কথায় এটা স্পষ্ট যে তিনি ধরনা তুলে নেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রীকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরপরই দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “তৃণমূল যুব কংগ্রেসকে দায়িত্ব দেওয়া হয়েছে দিদির ধরনা মঞ্চে জমায়েতের আগামীকাল (মঙ্গলবার) সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তাই সকাল দশটার মধ্যে সকল কর্মী ও সমর্থকরা উপস্থিত থাকবেন সবাইকে নিয়ে।” সেখানে রোজ লড়াই চালিয়ে যাবে দলের ছাত্র-যুব নেতৃত্ব ধরনার মাধ্যমে।



By










