দেবজিৎ মুখার্জি, কলকাতা: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার নিউটাউনে, বেলা ১২টার পর, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ গোটা বেঞ্চ। ঘাসফুল শিবিরের হয়ে প্রতিনিধিত্ব করেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। তবে সেখান থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, কোনও কথা শুনে চিৎকার করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে।
বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একজনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ার আর্জি জানান। তাঁর অভিযোগ, “একাই কথা বললেন উনি। ক্ষিপ্ত হয়ে গেলেন কিছুক্ষণ পর। চেঁচাচ্ছেন। বলছেন শীর্ষ আদালতে গিয়েছেন আপনারা। আর বলার নেই কিছু। সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে অন্য জায়গায়। অপরাধ নাকি সুপ্রিম কোর্টে যাওয়া? আমাদের সেই অধিকার আছে।”
তিনি আরো বলেন, “একজন মহিলা আমি। আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম আপনি কিভাবে বলছেন? তার মানেই বোঝা যাচ্ছে নারীদের সম্মান করে না। তার জন্য বাদ দিচ্ছেন নারীদের নাম।” পাশাপাশি, অর্থমন্ত্রী ফর্ম ৭ সংক্রান্ত তথ্যের তথ্যগত গরমিলেরও অভিযোগ তুলেছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, “শুনতে রাজি নন আমাদের কথা। সুপ্রিম কোর্টে গিয়েছেন খালি বলছেন। গেছি বেশ করেছি। অধিকার আছে আমার। গিয়েছি রাজ্যবাসীকে ঠিক রাখার অধিকারে।” হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “চেঁচানো মহিলাদের প্রতি? দেখে নেবেন আপনি এরপর কি হয়।” বলে রাখা প্রয়োজন, এদিন বাম, বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে কমিশনের পুরো বেঞ্চ। তাঁদের তরফ থেকে ১-২ দফায় নির্বাচনের দাবি তোলা হয়েছে।



By











