• Home
  • দেশ
  • “রাজনৈতিক অপহরণ” মাদুরোর সঙ্গে নীতিশের তুলনা করে খোঁচা আরজেডি সাংসদের

“রাজনৈতিক অপহরণ” মাদুরোর সঙ্গে নীতিশের তুলনা করে খোঁচা আরজেডি সাংসদের

Image

দেবজিৎ মুখার্জি: বিহার রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় ফেলে দিয়েছে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়া। এরপরই তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। তবে তিনি একা নন, নীতিশকে কটাক্ষ করার তালিকায় নাম রয়েছে আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝারও। কী বক্তব্য তাঁর? নীতিশের পাশাপাশি তিনি বিজেপিকেও আক্রমণ করেন এবং ভেনেজুয়েলা প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেশি মাদুরো বানিয়ে দেওয়া হলো। 

এখন গোটা বিহারজুড়ে একটাই আলোচনার বিষয় এবং সেটি হল নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ ছাড়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের তরফ থেকে বলা হয়েছে যে তাঁর পক্ষে আর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি যাবেন রাজ্যসভায়। তাঁর দল জেডিইউর ভিতরে নাকি এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মনোনয়ন জমার শেষদিনের আগে হয়ে যাবে। জেডিইউ সূত্রের বক্তব্য, নীতিশ রাজ্যসভায় চলে গেলে তাঁর পুত্র নিশান্ত সরাসরি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তবে বিজেপি সূত্রের বক্তব্য, খুব জোর উপমুখ্যমন্ত্রী হতে পারেন নিশান্ত। মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসবেন বিজেপির কেউ। এমনও বলা হচ্ছে যে জীবনের শেষদিকে এসে নীতিশ গেরুয়া শিবিরের কথায় আসন ছেড়ে ছেলের ভবিষ্যৎ শক্ত করতে চাইছেন।

বিষয়টি নিয়ে আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা বলেন, “উনি যে অস্থায়ী মুখ্যমন্ত্রী, তা আগেই বলেছিলেন আমাদের দলের নেতা তেজস্বী যাদব। সেটাই আজ প্রমাণ হয়ে গেল। এখন রাজ্যসভায় যাচ্ছেন ২১ বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এক ব্যক্তি।” এরপরই ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রসঙ্গ টেনে বলেন, “ভেনেজুয়েলায় মাদুরো-হরণের মতো বিহারের ঘটনা। মাদুরোকে তাঁর সম্মতিতেই অপহরণ করা হয়েছিল। রাজনৈতিক অপহরণ ঘটিয়েছে বিহারে বিজেপি।”

তাঁর সংযোজন, “নীতিশ কুমারকে যে এত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হবে বিজেপির তরফ থেকে, তা কেউ ভাবতে পারেননি। তাদের সঙ্গে যোগসাজশ করেছে জেডিইউর অনেকে। আবার অনেকেই চান যে মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ থাকুক। এক বড় রাজনৈতিক অপহরণ এটি। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বিজেপি মনোভাব।” এবার দেখার বিষয় যে এই ঘটনার জল আরো কতদূর গড়ায়। আগামীদিনে এই পর্বে কি হয়, সেদিকে নজর রয়েছে বিহারের নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top