দেবজিৎ মুখার্জি: যেই পরিবারতন্ত্র নিয়ে বিরোধী দলগুলিকে খোঁচা দেওয়া হতো বিজেপি ও তাদের জোট শরীকদের তরফ থেকে, এবার সেটাই দেখা যেতে চলেছে নীতিশ কুমারের জেডিইউতে। তাঁর পুত্র নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে চলেছেন দলে। মঙ্গলবার বিষয়টি জনসম্মুখে এনেছেন রাজ্যের মন্ত্রী ও প্রবীণ জেডিইউ নেতা শ্রবণ কুমার। শোনা যাচ্ছে, তাঁকে দেওয়া হবে বড় পদ। এখানেই শেষ নয়, তাঁকে রাজ্যসভাতেও পাঠানো হতে পারে বলে খবর।
জাতীয় রাজনীতিতে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিতে দেখা যায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তাদের শরীক দলগুলিকে। যদিও বিরোধীরাও তাদের প্রতিনিয়ত পাল্টা দেয়। এই আক্রমণ ও পাল্টা আক্রমণ পর্ব অব্যাহত রয়েছে জাতীয় রাজনীতিতে। মাঝেমধ্যেই গেরুয়া শিবিরের তরফ থেকে এই নিয়ে আক্রমণ ধেয়ে আসে বিরোধী দলগুলির দিকে।
এবার পরিবারতন্ত্রেরই চিত্র দেখা যেতে চলেছে নীতিশ কুমারের জেডিইউতে। শীঘ্রই দলে যোগ দিতে চলেছেন তাঁর পুত্র নিশান্ত কুমার। মঙ্গলবার এমনটা জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী ও প্রবীণ জেডিইউ নেতা শ্রবণ কুমারের তরফ থেকে। আনুষ্ঠানিকভাবে দু-একদিনের মধ্যেই বিষয়টি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি, তাঁকে বড় দায়িত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন।
শ্রবণ কুমার বলেন, “এই বিষয়টা এখন আর জল্পনা নয় যে নিশান্ত কুমার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন। এটা পুরোপুরি পরিষ্কার। এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের তরফ থেকে দু-একদিনের মধ্যে। নিশান্ত কুমারকে বহুদিন ধরেই দলের কর্মীরা সক্রিয় রাজনীতিতে চাইছিলেন। হোলির আগে এই সিদ্ধান্তে তাঁরা খুব খুশি।” তাঁর সংযোজন, “দলের তরফ থেকে তাঁকে অবশ্যই একটা বড় দায়িত্ব দেওয়া হবে। তবে ঠিক কি দায়িত্ব দেওয়া হবে, সেই ব্যাপারে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।” সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পাশাপাশি পাঠানো হতে পারে রাজ্যসভায়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By













