দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় এসআইআরের অসমাপ্ত তালিকা প্রকাশ হওয়া। শনিবার তা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যজুড়ে হইচই পড়ে যায়। এরই মাঝে সমস্যা দেখা গেল উত্তর-দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভার তালিকার ক্ষেত্রে। সেটি পাওয়া যাচ্ছে না অনলাইনে। এখানেই শেষ নয়, পিডিএফ ডাউনলোড হলেও কোনও তথ্য মিলছে না।
শনিবার অসমাপ্ত চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে আসে বিকেল সাড়ে ৫টার পর। প্রথমদিকে তা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভোটারদের। যদিও পরে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু রবিবাসরীয় সকালেও ভোটার তালিকা দেখা যাচ্ছে না দক্ষিণ ও উত্তর কলকাতা সহ সংলগ্ন জেলার একাধিক বিধানসভার। স্বাভাবিকভাবেই, এই বিষয়টি নিয়ে বেশ চাপে পড়েছেন সেখানকার ভোটাররা।
যেমন কোনও তথ্য মিলছে না উত্তর কলকাতা চৌরঙ্গি বিধানসভার ১ নম্বর বুথ হেয়ার স্কুলের ভোটার তালিকা ডাউনলোড করলে। এছাড়া ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না দক্ষিণ কলকাতার রাসবিহারি বিধানসভার ২০৬ বুথ টালিগঞ্জ হাই স্কুলের। ভোটার তালিকা মিলছে না দক্ষিণ ২৪ পরগনার বেহালা পূর্বের ২৪৮ বুথেরও। সেখানেও দেখা যাচ্ছে একই সমস্যা। এই প্রসঙ্গে বেহালা পূর্বের এক ভোটারের বক্তব্য, “গতকাল থেকেই চিন্তায় আছি। খসড়া তালিকা ডাউনলোড করতে গিয়েও যা সমস্যা হল, চূড়ান্ত তালিকার ক্ষেত্রেও তাই হল। তালিকা দেখতে পারছি না। বিএলও বলছেন উনিও তালিকা ডাউনলোড করতে পারেননি। সত্যিই মুশকিল এমন হলে।”
প্রসঙ্গত, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। খসড়া তালিকাতে বাদ পড়েছিল ৫৮ লক্ষ এবং চূড়ান্ত তালিকাতে বাদ পড়ে আরো প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার।
এছাড়া বিচারাধীন অবস্থায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। নতুন ভোটার যুক্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। এই পর্যন্ত রাজ্যের টোটাল ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একে অপরকে আক্রমণ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By










