• Home
  • জেলার খবর
  • ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তাঁর জুনিয়রের, দায়ের মামলা

ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তাঁর জুনিয়রের, দায়ের মামলা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড় বিপাকে সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিম। কী কারণে? তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন তাঁর এক জুনিয়র মহিলা আইনজীবী এবং তার ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। তবে এর আগে তিনি আলিমুদ্দিন স্ট্রিটেও অভিযোগ জানিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র বঙ্গ রাজনীতিতে।

নির্যাতিতার অভিযোগ, ২০২৫ সালে তিনি ফিরদৌস শামিমের চেম্বারে তাঁর জুনিয়র হিসেবে যোগ দিয়েছিলেন। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগে তিনি দাবি করেন যে তাঁর চেম্বারেই শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন বাম আইনজীবী। ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান যে সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্তা, কুরুচিকর মন্তব্য ও অশালীন আচরণে যুক্তর অভিযোগ জানানো হয়েছে এক মহিলা আইনজীবীর তরফ থেকে। সেই অনুযায়ী এদিন ভারতীয় ন্যায় সংহিতায় ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশালীন আচরণ, ক্রিমিনাল ইনটিমিডেশন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে।

নির্যাতিতা আইনজীবী মেল করে নিজের অভিযোগ জানানোর পর তাঁকে অনুরোধ করা হয় হেয়ার স্ট্রিট থানায় যাওয়ার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি থানায় আসেন এক সহকর্মীকে নিয়ে এবং অভিযোগ জানান এবং এরপরই মামলা রুজু করা হয়। যদিও এই ব্যাপারে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কোনও বক্তব্য মেলেনি ফিরদৌস শামিমের তরফ থেকে। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কি হয়।

তবে এমনটার ইঙ্গিত কয়েকদিন আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তবে তখন তিনি সরাসরি ফিরদৌস শামিমের নাম নেননি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছিলেন, “সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী।” তাঁর সংযোজন, “কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে।”

তিনি আরো লিখেছিলেন, “মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে। চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি। সিপিএম কি অভিযোগ খতিয়ে দেখবে? মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সিপিএম সূত্রেই পাওয়া। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের ‘পেয়ারেলালরা’?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top