দেবজিৎ মুখার্জি: অস্বস্তিতে হাত শিবির। শুক্রবার যুব কংগ্রেস কর্মীদের তরফ থেকে যেই ঘটনা ঘটানো হয়েছে দিল্লির এআই সম্মেলনে, তাতে ক্ষুব্ধ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিও। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক বাবুল সুপ্রিয় ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টির প্রধান, অখিলেশ যাদব এই কীর্তির তীব্র নিন্দা করেছেন। তাঁদের সাফ কথা, এমনটা করা একেবারেই উচিত হয়নি।
শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়েছে।
তবে কংগ্রেসের এই বিক্ষোভের তীব্র নিন্দা করল তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তৃণমূলের তারকা বিধায়ক বাবুল সুপ্রিয় রবিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে লেখেন। তাঁর বক্তব্য, “আমাদের দেশ গোটা বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করছে। এমন পরিস্থিতিতে দলীয় নাট্যকারদের অনেক বেশি পরিণতমনস্ক ও সংযমী হওয়া উচিত ছিল। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই। কিন্তু দেশের সম্মান ও মর্যাদা আগে। কোনও অবস্থায় তা ক্ষুন্ন করা উচিত নয়।”
অন্যদিকে একই মত অখিলেশ যাদবেরও। শনিবার ঝাঁসির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “বিজেপি যে মিথ্যা কথা বলে, তা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু যেমন বিক্ষোভ দেখানো হয়েছে বিশ্বের প্রতিনিধিদের সামনে, তা করা উচিত হয়নি।” এবার দেখার বিষয় যে এই ঘটনার জল আরো কতদূর গড়ায়। কি হয় আগামীদিনে, তার উপর নজর রয়েছে গোটা দেশের।



By










