• Home
  • দেশ
  • লালকেল্লা লাগোয়া এলাকা ও চাঁদনি চকের এক মন্দিরে হামলার ছক লস্করের

লালকেল্লা লাগোয়া এলাকা ও চাঁদনি চকের এক মন্দিরে হামলার ছক লস্করের

Image

দেবজিৎ মুখার্জি: দিল্লিতে বড় হামলা করার পরিকল্পনা করা হচ্ছে পাক সন্ত্রাসবাদি গোষ্ঠী লস্কর-ই-তৈবার তরফ থেকে। এমন পরিস্থিতিতে দেশের গোয়েন্দা সংস্থাগুলির তরফ থেকে জারি করা হলো সতর্কতা। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুসারে, গোয়েন্দারা জানিয়েছেন যে লালকেল্লা লাগোয়া এলাকা ও চাঁদনি চকের এক মন্দিরে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। এরপরই গোটা দিল্লিজুড়ে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট। পাশাপাশি, কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লিকে।

গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে যে লালকেল্লা ও চাঁদনি চকে জঙ্গিরা আইডি বিস্ফোরণ করার ছক কষছে। তাঁদের টার্গেট মন্দির ও ঐতিহাসিক স্থানগুলি। জানা গিয়েছে, শত্রুদেশের জঙ্গি গোষ্ঠী মসজিদ বিস্ফোরণের বদলা নেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে। এরপরই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, নজরদারি বৃদ্ধি হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে। দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ। বিষয়টি নিয়ে যে গোটা দিল্লিতে এই মুহূর্তে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা আর বলার বাকি নেই।

প্রসঙ্গত, চলতি মাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ইসলামাবাদের এক মসজিদে। তাতে প্রাণ হারান ৩১ জন এবং ১৬০ জনেরও বেশি আহত হন। নিরাপত্তাবাহিনী আধিকারিকদের তরফ থেকে জানানো হয় যে বহু মানুষ মসজিদে ছিলেন যখন ঘটনাটি ঘটে। হামলাকারী তখনই ভিতরে ঢুকতে যাচ্ছিল। কিন্তু তাকে গেটে রুখে দেওয়া হলেও বিপদ আটকানো যায়নি। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে যে রাস্তায় বহু আগুনে ক্ষতবিক্ষত হওয়া দেহ পড়ে রয়েছে। শুধু তাই নয়, মসজিদের এক ফটক ও আশেপাশের কয়েকটি ঘরবাড়িও ক্ষতির সম্মুখীন হয়েছে।

উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা সামনে এক ভয়ংকর বিস্ফোরণ ঘটে এবং এতে মারা যান ১২ জন এবং অন্তত ২৪ জন জখম হয়েছিলেন। কদিন আগে রাষ্ট্রসঙ্ঘের কাউন্টার-টেরোরিজম মনিটরিং টিম একটি রিপোর্টে দাবি করেছে যে বিস্ফোরণের পেছনে হাত রয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহাম্মদের। শুধু তাই নয়, রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে তাদের কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে তারা একটি মহিলা ব্রিগেডও তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top