• Home
  • জেলার খবর
  • “ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে” বড় হুঁশিয়ারি পার্থর

“ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে” বড় হুঁশিয়ারি পার্থর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে” হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি জানালেন যে যাঁরা তাঁকে কালিমালিপ্ত করেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি সময় এলে ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, তিনি এই প্রশ্নও তোলেন যে যাঁদের বসানো হয়েছে, তাঁরা কি দুর্নীতি করেননি। এছাড়া এটাও জানান যে তিনি কোনরকমের অনিয়ম বেনিয়মের সঙ্গে যুক্ত নন।

নিয়োগে দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি জেলমুক্ত হন। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা তৈরিও প্রায় শেষের দিকে। এই আবহে শনিবার তিনি নিজের গাড়ি করে নিজের বিধানসভা কেন্দ্রের পাঠকপাড়া পরিদর্শন করেন। যেই পাঠকপাড়া চায়ের দোকান থেকে তিনি চা খেতেন, সেখান থেকেই চা পান করেন। পাশাপাশি, কথাও বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। এদিন তাঁর মুখে শোনা যায় বড় হুঁশিয়ারি। যদিও তিনি দাবি করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সময় এলে আমার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা আমায় কালিমালিপ্ত করেছে। তাই বলতে চাইছি না খুব বেশি কিছু।” এরপরই তিনি দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য জানান। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা দপ্তর এক স্বশাসিত সংস্থা। আপনারা এত কথা বললেন দুর্নীতি নিয়ে। যাঁদের বসালেন, তাঁরা কি দুর্নীতি করেননি? আমি জোর গলায় এটা বলছি যে আমি যুক্ত নয় কোনরকম অনিয়ম বেনিয়মের সঙ্গে আর কোনওদিন ছিলাম না।”

দল প্রসঙ্গে কথা উঠলে পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে দেন যে এখনো দলের প্রতি তিনি অনুগত। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “বল আমার পাশে আছে কিনা, সেটা বড় কথা নয়। আমি তো আছি।” তাঁর সংযোজন, “কোনওদিন অসৎ উপায় ব্যবহার করিনি রাজনৈতিক জীবনে।” পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর বিশাল আস্থা রয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই পর্বে নতুনকিছু দেখা যায় কিনা। আগামীদিনে কি হয়, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top