দেবজিৎ মুখার্জি, বীরভূম: বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের নানুরে! কী ঘটেছে সেখানে? বিজেপি নেতার বাড়ির সামনে রাখা হয়েছে সাদা থান, ধুপকাঠি, মালা ও মিষ্টি। অভিযোগের আঙ্গুল শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও ঘাসফুল শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং এর পেছনে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দলের হাত রয়েছে বলে দাবি করেছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পরিবেশ পাল্টাচ্ছে বাংলার। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকলেই জোরকদমে প্রস্তুতি চালু করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে নিজেদের গড় ধরে রাখা যায় বা অন্যের গড় নিজেদের দখলে করা যায়, তার জন্য সবরকমভাবে ঘুঁটি সাজাচ্ছে দলগুলি। এক কথায় বলতে গেলে, কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ।
এই আবহে নানুর ৩ নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডলের বাড়ির দরজার সামনে রাখা হলো সাদা থান, ফুলের মালা, মিষ্টি ও ধুপকাঠি। তাঁর বাড়ি কুড়গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রোজের মতো খেয়েদেয়ে শুয়ে পড়েন রামকৃষ্ণ মন্ডল এবং সকালে উঠে দেখেন যে তাঁর বাড়ির দরজার সামনে সেগুলি রাখা। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। থানাতেও খবর দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে সেই ক্ষুব্ধ বিজেপি নেতা বলেন, “বিধানসভা ভোট দোরগোড়ায়। এবার যে জয় পাওয়া কঠিন, তা বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ওরা চেষ্টা করছে বিজেপি নেতাদের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে দেওয়ার। এই কাজ পরিকল্পনার সঙ্গে তৃণমূলের কর্মীরা করেছে ভয় দেখানোর জন্য। স্বাভাবিকভাবেই বাড়ির লোকেরা আতঙ্কিত।” তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে এভাবে গেরুয়া শিবিরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। অন্যদিকে, ঘাসফুল শিবিরের বক্তব্য, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এবার দেখার বিষয় যে বীরভূমের রাজনীতিতে এই ঘটনার জল কতদূর গড়ায়। কি হয় আগামীদিনে, সেটাই এখন নজরে রাখার মতো বিষয়।



By










