দেবজিৎ মুখার্জি, কলকাতা: একদিকে যখন বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সকলকে একসাথে নিয়ে চলার বা সংখ্যালঘুদের কাছে পৌঁছানোর বার্তা দিচ্ছেন, তখন অন্যদিকে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কী বললেন তিনি এবার? মঙ্গলবার সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রাক্তন সাংসদের সাফ জবাব, বিজেপি বেকার সেকুলারিজম দেখান না।
বুধবার বাংলার মাটিতে ফের পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মায়াপুরে ইসকনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মঙ্গলবার সেই ব্যাপারে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে। গেরুয়া শিবিরের দাবাং নেতা হিন্দুত্বে জোর দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি দাবি করেন যে গেরুয়া শিবির হিন্দুত্ব নিয়ে বলতে লজ্জা পায় না। তারপরই তিনি জানান যে দল বেকার সেকুলারিজমে বিশ্বাসী নয়।
দিলীপ ঘোষ বলেন, “মায়াপুরের ইসকন মন্দির একটা বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান। অমিত শাহ যে ওখানে যান, সেটা ওদের কর্তৃপক্ষ অনেকদিন ধরেই চাইছিলেন। কিন্তু উনি সময় দিতে পারছিলেন না। তবে এবার এসে উনি মায়াপুর যাবেন। আমি মনে করি মায়াপুরের ইসকন মন্দিরে সকলেরই একবার ঘুরে আসা উচিত।” এরপরই সেই বিস্ফোরক মন্তব্যটি করে বসেন বিজেপি নেতা। তিনি বলেন, “আর তাছাড়া হিন্দুত্ব বলতে লজ্জা পায় না বিজেপি। এই দেশ হিন্দু। হিন্দুত্ব আমাদের কালচার, লাইফস্টাইলে। আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। আমাদের জীবনচর্যা, আদর্শে হিন্দুত্ববাদ আছে। আমরা সেভাবেই চলি।”
বিস্ফোরক বা বিতর্কিত মন্তব্য ও দিলীপ ঘোষ যেন একে অপরের সঙ্গেই চলে। এর আগে একাধিকবার এমন মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ প্রতিবার পাল্টা দেওয়া হয়েছে তাঁকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ঘাসফুল শিবির যে অভিযোগ করে চলেছে যে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে বাংলায় ক্ষমতায় আসতে চায় বিজেপি, সেটাই আজ উঠে এলো দিলীপ ঘোষের কথায়। এবার দেখার বিষয় যে এমন মন্তব্যের কি প্রভাব পড়ে।



By










