• Home
  • জেলার খবর
  • নির্জন রাস্তায়, রাতের অন্ধকারে শিশুর কান্না, ভূতের ভয় আড়িয়াদহে

নির্জন রাস্তায়, রাতের অন্ধকারে শিশুর কান্না, ভূতের ভয় আড়িয়াদহে

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: একেবারে খালি রাস্তা, নিস্তব্ধ রাত। আশেপাশে নেই কোনও মানুষের দেখা। কিন্তু তার মধ্যে ভেসে আসছে এক শিশুর কান্নার আওয়াজ। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন তরুণীকে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতংক ছড়িয়েছে আরিয়াদহে। বলা ভালো, ভয়তে শিটিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমাজমাধ্যমে এমন বহু ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে আলোচনা।

যেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে খালি রাস্তা দিয়ে একজন তরুণী হাঁটছেন। তবে হঠাৎ তিনি পড়ে যান রাস্তার উপর এবং অদ্ভুত আওয়াজ করা শুরু করেন বাচ্চাদের গলায়। ভিডিওটি নিয়ে সমাজমাধ্যমে জোর হইচই পড়েছে। অনেকেই অনেকরকম কথা বলছেন। এমন ভিডিও যে বেশি করে শেয়ার হয়েছে, তা বলাই বাহুল্য। 

তবে এই ব্যাপারে কি বলছেন স্থানীয় বাসিন্দারা? তাঁদের বক্তব্য, সেই কান্নার আওয়াজ শোনা যায় আড়িয়াদহ মাঠ থেকে বিন্দবাসিনীতলা পর্যন্ত। অনেকে আবার এটাও দাবি করেছেন যে এই আওয়াজ শোনা যাচ্ছে নওদাপাড়া শিশুতীর্থ স্কুল, শখেরবাজার মোড়, ঘোষাল রোড এলাকায়। যদিও খতিয়ে দেখা হয়নি যে সেই ফুটেজ সত্যি নাকি ভুয়ো। তবে বিষয়টি নিয়ে এক গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে সেখানে। কিন্তু অনেকে দাবি করছেন যে বিনা কারণে গুজব ছড়ানো হচ্ছে। 

বিষয়টি নিয়ে আড়িয়াদহের কাউন্সিলর, তথা তৃণমূলের আড়িয়াদহ-দক্ষিণেশ্বর শহর তৃণমূল সভাপতি, দীপাংশু ঘোষাল বলেন, “একটা মেয়ে স্নায়ুর রোগে ভুগছিলেন শুনেছি। মাঝরাতে বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে অদ্ভুত আচরণ করার পাশাপাশি আওয়াজ করেন। চিকিৎসা চালু হয়েছে তাঁর আর তার মধ্যেই গুজব ছড়ানো হচ্ছে সমাজমাধ্যমে। অনেকে ভূত বলছেন। তবে আমার সেটা সত্যি মনে হয় না। আরো বিজ্ঞানমনস্ক হতে হবে আমাদের।” বিষয়টি পুলিশের রেডারেও এসেছে। তবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি। কিন্তু বিষয়টি নিয়ে যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা ভূতের ভয় ছড়িয়েছে, তা না বললেও বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top