• Home
  • জেলার খবর
  • “বিজেপি বা তৃণমূলের সমর্থনে সরকার তৈরি করতে আপত্তি নেই” ফের বিস্ফোরক হুমায়ুন

“বিজেপি বা তৃণমূলের সমর্থনে সরকার তৈরি করতে আপত্তি নেই” ফের বিস্ফোরক হুমায়ুন

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার পাত্র সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান, হুমায়ুন কবির। প্রতিনিয়তই তিনি কোন না কোন বিতর্কিত বা বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি পরিষ্কার করে দিলেন যে বিজেপি বা তৃণমূলের সমর্থনে সরকার তৈরি করতে তাঁর কোন আপত্তি নেই। শুধু তাই নয়, যেই ব্যাপারে এত বিতর্ক সৃষ্টি হয়েছে, তা নিয়ে তিনি ফের মুখ খুললেন। তিনি বললেন যে মহাম্মদ সেলিমের সঙ্গে তাঁর কথা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, বাবরি যাত্রা করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। যাত্রা শুরু হয় নদীয়ার পলাশি মনুমেন্ট থেকে। প্রথমে কিছুটা পায়ে হেঁটে এবং এরপর যাত্রা এগিয়ে চলে মুর্শিদাবাদে মোটরবাইকের মাধ্যমে। ফুলবাগান থেকে লোকনাথপুর এবং সেখান থেকে ১০ কিলোমিটারেরও বেশি হেঁটে পৌঁছান বাবরি মসজিদ পর্যন্ত। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি যাবতীয় সবকিছু জানান। 

হুমায়ুন কবির বলেন, “শাসকদলের ক্ষতি হবে যদি আমি নির্বাচনে লড়ি। এখন ওদের কাছে আছে ২২০টার বেশি আসন। ভোটে তৃণমূল ৭৫টার বেশি আসন পাবে না। আমিই সরকার তৈরি করব। তবে কার সঙ্গে, সেটা পরে ভাবা হবে। ১০০টার বেশি সিট পাব এবং তারপর সরকার গঠন করা নিয়ে ভাববো। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, কারো সঙ্গে জোট করেই সরকার বানাবো না।”

এরপরই তিনি সেই বড় মন্তব্যটি করে বসেন। হুমায়ুন কবির বলেন, “বাইরে থেকে সমর্থন নিয়ে আমি সরকার তৈরি করব। সেটা তৃণমূলও হতে পারে, আবার হতে পারে বিজেপিও। সমর্থন নেওয়ার ক্ষেত্রে কোনও বাছবিচার নেই।” ফের তিনি স্পষ্ট জানান, “আমিই সরকার চালাবো। কোন সমস্যা নেই বাইরে থেকে সমর্থন দেওয়া নিয়ে। মুখ্যমন্ত্রীর চেয়ার একমাত্র লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা হয়েছে সিপিএমের মহাম্মদ সেলিমের সঙ্গে।” এবার দেখার বিষয় যে হুমায়ুন কবির যা দাবি করছেন, শেষ পর্যন্ত তা হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top