দেবজিৎ মুখার্জি, কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ইডি গ্রেফতার করেছে দুজনকে। তাদের সঙ্গে রয়েছে বিজেপি যোগ। দুই ধৃতকে জিজ্ঞেস করার পর গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতার নাম উঠে এসেছে। এমন বিস্ফোরক দাবি করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সমাজমাধ্যম থেকে তিনি এই বিষয়ে একটি পোস্ট করেন এবং তাতে একহাত নেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ও প্রশ্ন তোলেন। যদিও কার নাম উঠে এসেছে, তা তিনি জানাননি।
কয়লা পাচার মামলায় তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) তরফ থেকে গ্রেফতার করা হয় চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। ইডির বক্তব্য, দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি পাওয়া গিয়েছিল এবং তাতে প্রোটেকশন মানির বিষয়টি পাওয়া গিয়েছে। এরপর সোমবার দুই ধৃতের পাশাপাশি তলব করা হয়েছিল বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে। প্রমাণ দেখানো সত্বেও অস্বীকার করছিলেন চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও অভিযোগ, দুজনেই সহযোগিতা করছিলেন না জিজ্ঞাসাবাদের সময়ে। বারংবার বলা সত্বেও উত্তর মিলছিল না এবং সেই কারণেই পরে তাঁদের গ্রেফতার করা হয়। এবার এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন যে ঘটনায় বিজেপি যোগ রয়েছে। এর সঙ্গে প্রশ্ন তোলেন যে সেই বিজেপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন পদক্ষেপ নেবে কিনা।
কুনাল ঘোষ লিখেছেন, “ব্রেকিং: কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার, তাদের বয়ানে বিজেপির এক শীর্ষনেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তাঁর কাছে। ইডি তাঁর বয়ান রেকর্ডের জন্য নোটিস জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লি গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষাকবচের বার্তা আসেনি। প্রশ্ন হল, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে? নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষাকবচ এসে যাবে? – সূত্রের খবর।” এবার দেখার বিষয় যে এই ঘটনায় আগে কি হয়।



By










