• Home
  • জেলার খবর
  • বিজেপি বাংলা বিধানসভা নির্বাচন: কেন্দ্র পিছু তিনজনের তালিকা তৈরি করার কাজ শুরু

বিজেপি বাংলা বিধানসভা নির্বাচন: কেন্দ্র পিছু তিনজনের তালিকা তৈরি করার কাজ শুরু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পরিবেশ পাল্টাচ্ছে বাংলার। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম, কংগ্রেস, সকলেই জোরকদমে প্রস্তুতি চালু করে দিয়েছে। শুধু তাই নয়, কিভাবে নিজেদের গড় ধরে রাখা যায় বা অন্যের গড় নিজেদের দখলে করা যায়, তার জন্য সবরকমভাবে ঘুঁটি সাজাচ্ছে দলগুলি। এক কথায় বলতে গেলে, কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। 

এমন পরিস্থিতিতে দলের প্রার্থী তালিকা নিখুঁত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয় বঙ্গ বিজেপির তরফ থেকে। কয়েকদিন আগে সার্ভে টিমের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল একাধিক বিষয়ে, যেমন প্রত্যেক বিধানসভায় দলের পরিস্থিতি কেমন বা প্রার্থী হিসেবে কাদের দাঁড় করানো যেতে পারে এবারের ভোটে বা বর্তমানে যাঁরা দলের বিধায়ক, তাঁদের কেমন অবস্থা।

এবার আরও এক পা ফেলল তারা। কী করলো এবার? প্রতিটা কেন্দ্র পিছু ৩ জনের একটি তালিকা তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে মন্ডল কমিটি থেকে জেলা কমিটির লোকদের সাথে কথা বলে। মতামত জানাতে হচ্ছে ছাপানো ফর্মে এবং তা জমা পড়ছে রাজ্যে। অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বেই সমীক্ষা চলছে। পাশাপাশি, ঘুরছেন অন্যান্য রাজ্যে সংগঠন সম্পাদক বা সেই সমান দায়িত্বে থাকা বারোজন নেতাও। 

ছাপানো ফর্মগুলি প্রতিটি সাংগঠনিক জেলায় দেওয়া হচ্ছে এবং তাতে লিখে দিতে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ। সেগুলি গোপন থাকবে। ডাক পড়ছে মন্ডল সভাপতি ও প্রাক্তন সভাপতিদেরও। ফর্ম পাচ্ছেন জেলার নেতারাও। নাম লিখে জমা দিতে হচ্ছে পছন্দের প্রেফারেন্স অনুযায়ী। বেশিরভাগ জেলাতেই এই কাজ হয়ে গিয়েছে বলে খবর। গেরুয়া শিবির সূত্র মারফত জানা গিয়েছে যে প্রার্থী নিয়ে যাতে দলের ভিতরে কোনও অশান্তি না হয়, তার জন্য এই পদক্ষেপ। যদি কোনও বড় নাম ইতিমধ্যেই রাজ্যের মাথায় থাকে, তাহলে তাঁকেই টিকিট দেওয়া যায় কিনা, স্থানীয় মতামতের প্রথম পছন্দের বদলে, কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে রাজ্যের তরফ থেকে তা দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top