দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। ইস্তেহার তৈরি করার জন্য রাজ্যবাসীর পরামর্শ নিতে চলেছে তারা। শনিবার থেকে শুরু হয়েছে গেরুয়া শিবিরের ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’ কর্মসূচি। সল্টলেকের দলীয় কার্যালয় থেকে তা শুরু করলেন দলের নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গোটা কর্মসূচিটি কি নিয়ে, তা নিয়ে সাংবাদিকদের সবটা জানিয়েছেন শমীক।
শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের তরফ থেকে যে সংকল্প পত্র তৈরি হবে, সেটা যাতে সর্বব্যাপী হয়, তাই আজ থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি।” এরপর বিস্তারিতভাবে কর্মসূচি প্রসঙ্গে জানান। তিনি বলেন, “আমাদের ভোট দিয়েছে ২ কোটি ৩৮ লক্ষ মানুষ। রাজ্যবাসী মনস্থির করেছে, বাংলায় বিজেপি পরিবর্তন আনতে পারে। এই ড্রপ বক্স রাজ্যের হাজারটি জায়গায় থাকবে তাঁদের মতামত নেওয়ার জন্য। আমাদের ৪৩টি সাংগঠনিক জেলায় এই কমিটির সমস্ত সদস্য যাবে।”
তিনি আরও বলেন, “কলকাতায় এই ড্রপ বক্স নিয়ে চলন্ত গাড়ি ঘুরবে চলতি মাসের ১৭ ও ১৮ তারিখে।” এরপরই বিস্তারিত তথ্য দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “সাধারণ মানুষ নিজেদের বক্তব্য জানাতে পারবেন ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরের দ্বারা মেল আইডি, কিউআর কোড বা দলীয় দপ্তরে চিঠি দিয়ে। বেকার শিক্ষিত যুবকরা যাতে চাকরি পায়, সেটাই আমাদের লক্ষ্য। শিল্পপতিদের কাছে আমাদের অনুরোধ যাঁরা বিনিয়োগ চাইছেন, পরামর্শ চাইছি আমরা।” যদিও কি কারনে এই কর্মসূচি নেওয়া হয়েছে, সেই ব্যাপারে জানান তিনি। তাঁর বক্তব্য, “রাজ্যের মানুষকে ১৩টি প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে।”
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করলেও তারপর থেকে প্রতিটা নির্বাচনে বড়সড় ব্যর্থতার মুখ দেখেছে বঙ্গ বিজেপি। সবুজ ঝড়ের কাছে ফিকে পড়ে গেছে গেরুয়া ঝড়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এই কর্মসূচি নিয়েও কতটা সফল হবে তারা। এবার দেখার বিষয় যে এই পথে হেঁটে প্রভাব ফেলতে পারে কিনা তারা। মানুষের মাঝে পৌঁছাতে সফল হয় কিনা তারা, এটাই এখন দেখার।



By










