দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনের মাঝে বাবা নিয়ে তর্কাতর্কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের মধ্যে। কী নিয়ে তর্কাতর্কি? বিজেপি বিধায়ক উদয়ন গুহকে গুন্ডা বলেন। তবে তার পাল্টায় উদয়ন গুহ শুভেন্দু অধিকারীকে বাবা তুলে কুমন্তব্য করেন। ঘটনাকে ঘিরে ব্যাপক হইচই পড়ে সেখানে। যদিও স্পিকারের তরফ থেকে সেই কথোপকথন বাদ দিয়ে দেওয়া হয় রেকর্ড থেকে।
এদিন শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন গেরুয়া শিবিরের বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে উদয়ন গুহের তরফ থেকে লাগাতার বাধা দেওয়া হচ্ছিল। এরপরই তা নিয়ে প্রতিবাদ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই কথা কাটাকাটি অন্য পর্যায়ে চলে যায়। তা পরিণত হয় কুরুচিকর কথা কাটাকাটিতে। রাজ্যের মন্ত্রীকে গুন্ডা বলে নন্দীগ্রাম বিধায়কের তরফ থেকে আক্রমণ করা হয় বলে অভিযোগ।
বাজেট নিয়ে আলোচনা শেষ হওয়ার পর নিজের বক্তব্য পেশ করতে ওঠেন উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভার বাইরে মাঝেমধ্যেই এমন আক্রমণের অভিযোগ তোলেন। যখন তিনি নিজের পিতার পরিচয় দিচ্ছিলেন, তখন শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “আপনিই তো চোর বলেছেন নিজের বাবাকে।” এর পরিপ্রেক্ষিতে ঘাসফুল শিবিরের বিধায়ক বলেন, “প্রমাণ করুন সেটা। আমি শুধু কিছু কাজের সমালোচনা করেছিলাম।” এরপরই বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে তিনি বলেন, “আপনি শিশিরবাবুর ছেলে হওয়া সত্ত্বেও নিজেকে মোদির ব্যাটা বলেন। তাহলে আসলে আপনি ছেলে কার?”
উদয়ন গুহের এই মন্তব্যের পরই খারাপ হয়ে যায় গোটা পরিস্থিতি। অবশেষে তা সামাল দিতে ময়দানে নামতে হয় স্পিকারকে। দুই বিধায়ককে থামিয়ে দিয়ে তিনি জানান যে বিধানসভার রেকর্ড থেকে এই কুরুচিকর কথা কাটাকাটি মুছে ফেলা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই বিষয়টি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অন্য রূপ নিলেও নিতে পারে। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই নিয়ে কিছু হয় কিনা।



By










