দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন ফল করবে শাসক শিবির? মঙ্গলবার সেই উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে সাংবাদিক বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালেন যে ফের দেখা হবে জয়ের পর। এখানেই শেষ নয়, তিনি এটাও জানালেন যে তখন তিনি ভালো মিষ্টি খাওয়াবেন। অর্থাৎ জয় নিয়ে তিনি আশাবাদী।
এসআইআরের জেরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সেখানে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বঙ্গভবনে হানা দেয় দিল্লী পুলিশ। যদিও শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর প্রতিবাদে জায়গা ছাড়তে বাধ্য হয় তারা। এছাড়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর তিনি একহাত নেন কমিশনকে। যদিও জ্ঞানেশ কুমারের তরফ থেকেও পাল্টা দেওয়া হয় বিবৃতির মাধ্যমে।
মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে নিয়ে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকে নিজের বক্তব্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং জয় নিয়ে আশাপ্রকাশ করেন। পাশাপাশি, কত আসনে জয়ী হবেন, সেই ব্যাপারেও নিজের অবস্থান জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঠিক আছে তাহলে! আবার দেখা হবে জয়ের পর। তখন ভালো মিষ্টি খাওয়াবো। কিন্তু দিল্লি কা লাড্ডু নয়।” এবারের ভোটে আসন সংখ্যা কত হবে, সেই ব্যাপারে তৃণমূল সুপ্রিমো বলেন, “রাজনৈতিক জ্যোতিষী নই আমি। তবে এটা বলতে পারি যে জিতবো আরও বেশি আসন নিয়ে।” বলে রাখা ভালো, গত তিন মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করে যাচ্ছেন যে ২০২৬ সালের ভোটে গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ঘাসফুল শিবির।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (২০২১) বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার ক্ষমতায় আসে বাংলায়। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর ঘাসফুল শিবির ও তাদের জোটসঙ্গীর ঝুলিতে ছিল মোট ২১৬টি আসন। অন্যদিকে, বিজেপি পায় ৭৭টি।
বাম-কংগ্রেস খাতা খুলতে না পারলেও, আইএসএফ জয় পায় একটি আসন, তথা ভাঙ্গরে। তবে এই মুহূর্তে শাসকদল ও তাদের জোটসঙ্গীদের মোট আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ২২৫এ, বিজেপির ৬৫ এবং বাকিদের দখলে ৪টি। এবার দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর চিত্রতে কোন পরিবর্তন দেখা যায় কিনা। নাকি অব্যাহত থাকবে সবুজ ঝড়? সব প্রশ্নের উত্তর যাবে আর কিছুদিন পর।



By









