• Home
  • জেলার খবর
  • “বাংলা নেই” কেন্দ্রীয় বাজেট ঘিরে বঞ্চনার অভিযোগ সুদীপ-সৌগতর

“বাংলা নেই” কেন্দ্রীয় বাজেট ঘিরে বঞ্চনার অভিযোগ সুদীপ-সৌগতর

Image

দেবজিৎ মুখার্জি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটকে ঘিরে বঞ্চনার অভিযোগ তুললেন ঘাসফুল শিবিরের দুই বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়। বাজেট ঘোষণা হওয়ার পর দুজনেই দাবি করেছেন যে তাতে বাংলার নাম উচ্চারণ করা হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলা থেকে বিজেপির কিছু পাওয়া নেই জেনে এমন ঘোষণা। 

রবিবার প্রায় দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। কিসে কত ছাড় বা কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। এখানেই শেষ নয়, একাধিক জিনিসের উপর ইমপোর্ট ডিউটি এক্সেম্পশন ঘোষণা করার পাশাপাশি কিছু পণ্যের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ করছাড় ঘোষণা করেছেন। আবার কিছু জিনিসপত্রের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ইমপোর্ট ডিউটি বা ট্যাক্স রেট। এছাড়া তুলে ধরেছেন নয়া আয়কর আইনও।

বাজেট ঘোষণার পরই তার তীব্র সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনেই দাবি করেছেন যে ঘোষিত বাজেট দিশাহীন এবং বাংলাকে কিছু দেওয়া হয়নি। একই সুর শোনা গেল দলের দুই প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের গলায়। দুজনে একই দাবি করেছেন। 

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “উচ্চারণ করা হলো না বাংলার নামটাই। বহু রাজ্যের নাম নেওয়া হয়েছে। নিজের ভোটের জন্যও তো বিজেপি অতিরিক্ত আর্থিক সহযোগিতা ঘোষণা করতে পারত, যেমনটা করেছিল বিহারে। ওরা জানে বাংলা থেকে কিছু পারে না ওরা। তাই ভয়তে বাড়তি কিছু ঘোষণা করেনি।” অন্যদিকে সৌগত রায়ের বক্তব্য, “বাজেটে বাংলার কথাই নেই। আদতে বঞ্চিত বাংলা।”

প্রসঙ্গত, এদিন প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং একাধিক ঘোষণা করেন। কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে বা কোন জিনিসপত্রের দাম বাড়ানো বা কমানো হচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজের বক্তৃতা শেষ করার পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এর বিশাল প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রী দাবি করেন এই বাজেট কিভাবে একটি বড় ভূমিকা পালন করবে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে বা বিকাশিত ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে। যদিও বিরোধীরা বাজেটকে অর্থহীন বলে দাবি করেছে। পাশাপাশি, বাজেট ঘোষণার পরেই সেনসেক্সের সূচক ১৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি নিফটিও পড়ে যায় ৪৮১ পয়েন্ট। কিছুক্ষণ পরে অবশ্য সেনসেক্স ৭০০ পয়েন্ট ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top