• Home
  • জেলার খবর
  • “নতুন বোতলে পুরনো মদ” নির্মলার বাজেটকে কটাক্ষ অভিষেকের

“নতুন বোতলে পুরনো মদ” নির্মলার বাজেটকে কটাক্ষ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি: “৮৫ মিনিট ধরে ভাট বকেছেন” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের পেশ করা বাজেটকে এভাবে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, পুরনো কিছু বলা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি এই বাজেটকে ‘নতুন বোতলে পুরনো মদ’ বলেও কটাক্ষ করেন।

রবিবার প্রায় দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। কিসে কত ছাড় বা কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। এখানেই শেষ নয়, একাধিক জিনিসের উপর ইমপোর্ট ডিউটি এক্সেম্পশন ঘোষণা করার পাশাপাশি কিছু পণ্যের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ করছাড় ঘোষণা করেছেন। আবার কিছু জিনিসপত্রের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ইমপোর্ট ডিউটি বা ট্যাক্স রেট। এছাড়া তুলে ধরেছেন নয়া আয়কর আইনও।

এই বাজেট প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই বাজেট আমাদের রাজ্যের জন্য কোনও বরাদ্দ বা প্রকল্প কিছুই আনেনি। কিছু নেই যুবসমাজের কর্মসংস্থানেও। রাজ্যের কৃষক, শ্রমিক, তফসিলি কিছু নেই কারো জন্য।” এরপরই তাঁর কটাক্ষ, “উনি ভাট বোকে ৮৫ মিনিট কাটিয়ে দিয়েছেন। বলা হয়েছে পুরনো কিছু। নতুন বোতলে পুরনো মদ।”

প্রসঙ্গত, এই বাজেটের ভুয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার পর তিনি বলেন, “মানুষের চাহিদার বাজেট এটি। এটি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি করার লক্ষ্যে। আমাদের দেশের যে অর্থব্যবস্থা, তার আরো উন্নতি হবে এই বাজেটের জেরে। নয়া গতি পাবে সংস্কার। মূল্যবৃদ্ধি কমানোর পথ দেখানো হয়েছে এই বাজেটে। এই বাজেট নতুন দিশা দেবে আত্মনির্ভর ভারত প্রকল্পের ক্ষেত্রেও। শক্তিশালী হবে বিকাশিত ভারত। নারীদের স্বনির্ভর গোষ্ঠীতে তৈরি হবে আধুনিক বাস্তুতন্ত্র। পর্যটনে উৎসাহ দিয়েছে এই বাজেট। বিশেষ করে এর জেরে পর্যটন বাড়বে উত্তর-পূর্ব ভারতে। ইইউর সঙ্গে বাণিজ্যচুক্তির জেরে লাভবান হবেন যুব সম্প্রদায় ও ছোট-মাঝারি ব্যবসায়ীরা।” তবে বাজেট ঘোষণার পরই সেনসেক্সের সূচক ১৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি নিফটিও পড়ে যায় ৪৮১ পয়েন্ট। কিছুক্ষণ পরে অবশ্য সেনসেক্স ৭০০ পয়েন্ট ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top