• Home
  • দেশ
  • সুনেত্রা পাওয়ারের রূপে মহারাষ্ট্র পেল প্রথম মহিলা উপলক্ষ্যমন্ত্রী

সুনেত্রা পাওয়ারের রূপে মহারাষ্ট্র পেল প্রথম মহিলা উপলক্ষ্যমন্ত্রী

Image

দেবজিৎ মুখার্জি: মারাঠা রাজনীতিতে তৈরি হলো ইতিহাস। নিজেদের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল মহারাষ্ট্র। অজিত পাওয়ারের মৃত্যুর পর এবার সেই ভূমিকায় দেখা যাবে তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ারকে। এদিন বিকেলে তিনি শপথবাক্য পাঠ করেন। এরপর সমস্ত মহল থেকে আসতে শুরু করে অভিনন্দনের বন্যা। যদিও অজিত পাওয়ারের শূন্যতা যে গোটা রাজ্য বোধ করবেন, তা না বললেও বোঝা যায়।

শনিবার বিকেলে প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যের রাজ্যপাল আচার্য দেবব্রত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী, একনাথ শিণ্ডে। তবে রাজভবনে সুনেত্রা পাওয়ারের শপথ নেওয়ার আগে তাঁর নাম বিধান পরিষদীয় দলের বৈঠকে প্রস্তাব করা হয় ছগন ভুজবলের তরফ থেকে। দলের সমস্ত বিধায়ক তাতে সম্মতিও দেন।

যদিও সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ায় দুই এনসিপি শিবিরের এক হওয়ার সম্ভবনা ক্ষীণ বলেই মনে করছে মারাঠা রাজনৈতিক মহলের একাংশ। মৃত অজিত পাওয়ারের কাকা শরদ পাওয়ারের বক্তব্যে অন্তত তেমনটাই মনে হচ্ছে। তিনি জানিয়েছেন যে দুই শিবিরের এক হওয়ার কথা ছিল। কিন্তু অজিত পাওয়ারের মৃত্যুতে সেই সমস্ত আলোচোনা ভেস্তে যায় এবং অপর প্রান্তে তরফ থেকেও আগ্রহ দেখানো হচ্ছে না এই বিষয়ে। আগামীদিনে এক হবে কি হবে না, পুরো বিষয়টি এখন ধোঁয়াশায় রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাকে ঘিরে নেমে আসে শোকের ছায়া। দেশের সকল রাজনীতিবিদ বেশ দুঃখ পেয়েছেন এই ঘটনায়। তবে অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্র দেখছিলেন। যদিও কাকা শরদ পাওয়ার দাবি করেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top