• Home
  • জেলার খবর
  • আনন্দপুর অগ্নিকাণ্ড: প্রশাসনের ভূমিকার সমালোচনা বোসের

আনন্দপুর অগ্নিকাণ্ড: প্রশাসনের ভূমিকার সমালোচনা বোসের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনন্দপুর অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্যে চলছে জোরদার রাজনৈতিক তরজা। ফের বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাসকদলকে। যদিও তৃণমূল কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ। ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে ঘটনায়। মৃতের সংখ্যাও প্রচুর। এমন পরিস্থিতিতে বারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের অবস্থান জানান এবং সমালোচনা করেন প্রশাসনের। 

সিভি আনন্দ বোস দাবি করেন যে এই ঘটনা খুব দুঃখজনক ও মর্মান্তিক। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন যে ঘটনার মূল কারণ জানা যাবে প্রশাসনের তরফ থেকে তদন্ত করা হলে। এছাড়া তিনি আনন্দপুরে যাওয়ার কথাও জানিয়েছেন। এদিন ব্যারাকপুরের কর্মসূচি ছেড়ে তিনি আনন্দপুর যান। বেলা বারোটার পর তিনি সেখানে পৌঁছেছেন এবং সেখানে ঘুরে খতিয়ে দেখেন যে পরিস্থিতি কেমন।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত রবিবার ভোর রাতে। স্থানীয়দের, প্রায় রাত তিনটে নাগাদ, নজরে আসে আগুনের লেলিহান শিখা। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় দমকলের বারোটি ইঞ্জিন এবং প্রায় দেড় দিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০। একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। তা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। 

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুটি মামলা রুজু করে। সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন তাদের পরিবারের সদস্যদেরকে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আদালত পর্যন্ত মামলার জল গড়িয়েছে। কয়েকজন গ্রেফতার হয়েছে এই পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top