দেবজিৎ মুখার্জি: হুমায়ুন-সেলিমের বৈঠকের খবর জনসম্মুখে আসতেই জোর শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসক হোক কি বিজেপি, সকলেই এর তীব্র সমালোচনা করেছে। নিন্দা করেছে হাত শিবির, অর্থাৎ কংগ্রেসও। অন্যদিকে, আইএসএফ সরাসরি নিন্দা না করলেও বিষয়টি যে ভালোভাবে নেয়নি, তা কথায় প্রকাশ করে দিয়েছেন দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম। কী বললেন তিনি? বর্ষীয়ান বাম নেতার বক্তব্য, সেলফি তোলা মানে ভালোবাসা নয়। অর্থাৎ নিজের বক্তব্যে তিনি বুঝিয়ে দিলেন যে কারো সঙ্গে সাক্ষাৎ মানে তাঁর সঙ্গে জোট করা নয়। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের দল পাল্টানোর বিষয়টিও তিনি তুলে ধরে সমালোচকদের জবাব দেন।
মহাম্মদ সেলিমের সাফ বক্তব্য, “সেলফি তোলা মানে ভালোবাসা নয়।” পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন, “আমি চেখে দেখি না কারোর মুখে ঝাল না খেয়ে।” হুমায়ুন কবিরের দল পাল্টানো প্রসঙ্গটি তুলে সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য, “একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে ছিল হুমায়ুন কবির। বিজেপিতে গেল আবার। ফের তৃণমূল কংগ্রেসে এসে বিধায়ক হল। এগুলোর বেলায় কোনও সমস্যা নেই। এখন কাকে কে চোখ মারছে, চোখের বালি হয়ে যাচ্ছে সেটা।”
এবার দেখার বিষয় যে শত বিতর্কের মাঝে এক হয় ময়দানে নামে কিনা সেলিম ও হুমায়ুনের দল। তবে বিষয়টি নিয়ে যে গোটা রাজ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তা না বললেও চলে। রাজনৈতিক বিশ্লেষকরা যদিও একটা সম্ভাবনা দেখছেন দুই দলের এক হওয়ার। এবার দেখার যে শেষ পর্যন্ত দুজনে একজোট হয় কিনা। কী হয় শেষ পর্যন্ত বা ভোটের আগে নতুন কিছু দেখা যায় কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যবাসীদের মধ্যে।



By










