• Home
  • জেলার খবর
  • সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভার্চুয়াল উদ্বোধন মমতার, ধন্যবাদ জানালেন দেব

সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভার্চুয়াল উদ্বোধন মমতার, ধন্যবাদ জানালেন দেব

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: বুধবার সিঙ্গুরের সভা থেকে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’এর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন ঘাটালের ঘরের ছেলে, তথা দলের তারকা সাংসদ, দীপক অধিকারী, ওরফে দেব। দীর্ঘদিন ধরেই ঘাটালবাসীরা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতেন। বিশেষ করে বর্ষা হলে, যে সমস্যা সৃষ্টি হতো, তা রীতিমতো তুলনার বাইরে। স্বাভাবিকভাবে ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’এর উদ্বোধনে বেশ খুশি দেব এবং ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

দেব বলেন, “দিদি আজকে যে কাজটা করলেন, তা একেবারেই সোজা নয়। ঘাটালের মানুষরা ভেবেছিলেন যে আমাদের দুঃখ বুঝবেন, এমন কেউ আসবেন। আমি বাংলায় বলেছিলাম যখন প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলাম। ঘাটাল নিয়ে নিজের বক্তব্য রেখেছিলাম। দিল্লিতে গেছি। বৈঠক করেছি। কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। ঘাটাল মাস্টারপ্ল্যান করার কথা দিদি দিয়েছিলেন। ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন বাজেটে। আজ করলেন। কেউ এতদিন কথা রাখেননি। আমাদের মুখ্যমন্ত্রী কথা রেখেছেন।”

তারকা সাংসদ আরো বলেন, “সেই সরকার তো ভোট পাবে যে কথা দিয়ে ভোটের পর কথা রেখেছে। ঘাটালের ছেলে আমি। এই ফাইল প্রত্যেকটা সরকার ও দপ্তরের টেবিলে ছিল। কিন্তু কেউ কাজ করেনি। ভোট নিয়ে আমাদের সরকার চলে যায়নি। গত ১৫ বছর ধরে যে দলটা আগলে রেখেছে মানুষকে, তার তো জেতা দরকার। শুধু উন্নয়নের কাজ করে গিয়েছেন যে মানুষটা। কে সিপিএম বা কংগ্রেস করেন, তিনি তা দেখেননি। শুধু কাজ করে গিয়েছেন সমস্ত মানুষের জন্য। আমি ভোট দেওয়ার জন্য জোর করব না। গত ১৫ বছর ধরে একজন মহিলা কাজ করে গিয়েছেন সবার জন্য। আজ বলার দিন নয় আমার। গর্বের দিন। শুভ উদ্বোধন হলো আজ ঘাটাল মাস্টারপ্ল্যানের। দিদি ও অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি হাতজোড় করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top