• Home
  • দেশ
  • বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের

বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের

Image

দেবজিৎ মুখার্জি: দেশের রাজনৈতিক মহলে নক্ষত্রপতন! না ফেরার দেশে মারাঠা গড়ের অন্যতম হেভিওয়েট নেতা। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৬৬। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে ঘটনাটি ঘটে। যদিও তিনি একা নন, প্রাণ হারিয়েছেন আরো ৪ জন। খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে মহারাষ্ট্র সহ গোটা দেশের রাজনৈতিক মহলের উপর। দুঃখ পেয়েছেন তাঁর অনুগামীরাও। 

বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে সম্ভবত যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এর জেরেই দুর্ঘটনাটি ঘটে। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ আগুন লেগে যায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে বিমানটি ভেঙে অজস্র টুকরো হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ডিজিসিএ অজিত পাওয়ারের মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়েই ছুটে যান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। মারাঠা রাজ্যের বহু নেতা অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ফোন করেছেন। বলে রাখা ভালো, নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বারামতি থেকেই অজিত পাওয়ার সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সব পদ পেয়েছেন। তাঁর জীবনের শেষটা বারামতিতেই হলো। তাঁর না ফেরার দেশে চলে যাওয়ায় কষ্ট পেয়েছেন রাজ্যের বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top