দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টির প্রধান, অখিলেশ যাদব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন থেকে যৌথ সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করেন যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন এবং তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করবেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে রাজ্যবাসী উচিত শিক্ষা দেবে বিজেপিকে।
অখিলেশ যাদব বলেন,”নানাভাবে হেনস্থা করা হচ্ছে মমতা দিদিকে। কিন্তু আমরা নিশ্চিত যে রাজ্যের সকল মানুষ ওনার পাশেই আছেন এবং ওনাকেই ফের মুখ্যমন্ত্রী করবেন।” গেরুয়া শিবিরকে একহাত নিয়ে তিনি বলেন, “এখানে বিজেপি লড়াই করছে ঠিকই। কিন্তু তারা লড়াই করছে শুধুমাত্র এক সম্মানজনক পরাজয়ের জন্য।” জয় নিয়ে আশাবাদী অখিলেশ দাবি করেন, “ওদের উচিত জবাব দেবে বাংলার মানুষ।”
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (২০২১) বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার ক্ষমতায় আসে বাংলায়। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর ঘাসফুল শিবির ও তাদের জোটসঙ্গীর ঝুলিতে ছিল মোট ২১৬টি আসন। অন্যদিকে, বিজেপি পায় ৭৭টি।
আইএসএফ জয় পায় একটি আসন, তথা ভাঙরে। তবে এই মুহূর্তে শাসকদল ও তাদের জোটসঙ্গীদের মোট আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ২২৫এ, বিজেপির ৬৫ এবং বাকিদের দখলে ৪টি। এবার দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর চিত্রতে কোন পরিবর্তন দেখা যায় কিনা। নাকি অব্যাহত থাকবে সবুজ ঝড়? তা জানা যাবে কদিন পর। তবে রাজ্যে এসআইআর চালু করায় বাজি যে কারোর দিকে ঘুরতে পারে বলে মনে করা হচ্ছে।



By










