দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলায় চলতি এসআইআর নিয়ে এবার মুখ খুললেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন থেকে যৌথ সাংবাদিক সম্মেলন থেকে এই বিষয়ে তিনি নিজের অবস্থান জানান। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলাতে টার্গেট করার জন্যই এসআইআর চালু করা হয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও দাবি করলেন যে এর দ্বারা ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা চলছে।
অখিলেশ যাদব বলেন, “এই এসআইআর বিষয়টা চালু করা হয়েছে বাংলাকে নিশানা করার জন্যই।” এরপর ঘুরপথে এনআরসি করার অভিযোগ তোলেন সপা প্রধান। তিনি বলেন, “এই প্রথম দেখা যাচ্ছে স্বাধীন ভারতে যে কমিশন ও বিজেপি একসাথে এসআইআরের নামে এনআরসি করার চেষ্টা করছে ঘুরিয়ে।” পাশাপাশি, এসআইআর করে নাম বাদ দেওয়ার প্রসঙ্গটিও তোলেন অখিলেশ। তিনি বলেন, “আসল লক্ষ্য হলো ভোটার তালিকা থেকে যত বেশি সম্ভব নাম বাদ দেওয়া। বহু মানুষকে বাধ্য করা হচ্ছে জোর করে নাগরিকত্ব প্রমাণ করার।”
প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে প্রথম থেকেই আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে কেন্দ্রের উদ্দেশ্য এর দ্বারা এনআরসি করানো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লে রাজধানীতে আন্দোলন হবে। সংসদেও দলীয় সাংসদরা বিক্ষোভ দেখিয়েছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং পাল্টা অভিযোগের আঙুল তোলে ঘাসফুল শিবিরের দিকে। যদিও শেষ পর্যন্ত বাংলায় এসআইআর শুরু করা হয়েছে। বর্তমানে তা নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে পৌঁছেছে। একে অপরকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল ও বিজেপি। দুজনেই আশাবাদী যে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় তাদের দলেরই হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায়।



By










