দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম জনপ্রিয় প্রকল্প যুবসাথী নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা দলের সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে শনিবার থেকেই এই প্রকল্পের টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় যে রাজ্যের বেকার যুবক-যুবতীরা খুশি, তা না বললেও বোঝা যায়।
শনিবার ঘাসফুল শিবিরের ধরনার দ্বিতীয় দিন। গতকালের মত আজও অনেকে উপস্থিত সেখানে। এদিনই যুবসাথী সংক্রান্ত বড় ঘোষণাটি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানান যে এপ্রিলের পরিবর্তে আজ, অর্থাৎ ৭ই মার্চ, থেকে সকল আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রাথমিকভাবে সমস্ত আবেদনকারী প্রত্যেক মাসের আগামী পাঁচ বছর টাকা পাবেন। তারপর বিষয়টি দেখা হবে যদি কেউ বেকার থাকেন।
প্রসঙ্গত, সম্প্রতি, বিধানসভায় বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা হয় রাজ্যের তরফ থেকে। একাধিক বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যার মধ্যে একটি যুবসাথী প্রকল্প। যদিও এই প্রকল্পও রাজনৈতিক তরজার পাত্র হয়ে ওঠে। বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। যদিও ঘাসফুল শিবিরের তরফ থেকে বিরোধীদের পাল্টা জবাব দেওয়া হয়। এরপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে ১লা এপ্রিল থেকে টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা। শনিবার তিনি ঘোষণা করলেন যে ৭ই মার্চ থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
উল্লেখ্য, যুবসাথী প্রকল্পে ২১-৪০ বছর বয়সী যুবক-যুবতীরা, যাঁরা মাধ্যমিক বা সেই সমান পরীক্ষা পাশ করেছেন এবং বেকার, তাঁরা মাস গেলে ১৫০০ টাকা করে পাবেন। সর্বোচ্চ ৫ বছরের জন্য এই সুবিধা পাওয়া যাবে স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত। মোট ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। এবার দেখার বিষয় যে এই পর্বে আগামীদিনে আর কি হয়।



By










