• Home
  • দেশ
  • ‘বন্দে মাতরম’-এর অবমাননা করলে ৩ বছরের জেল! বিলে অনুমোদন রাষ্ট্রপতির, জানুন নতুন নিয়মাবলি

‘বন্দে মাতরম’-এর অবমাননা করলে ৩ বছরের জেল! বিলে অনুমোদন রাষ্ট্রপতির, জানুন নতুন নিয়মাবলি

Image

জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’ (Vande Mataram)-এর অপমানকে এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি সংসদে পাস হওয়া বিলে সই করে চূড়ান্ত সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর ফলে কার্যকর হলো ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬’।

এই ঐতিহাসিক আইনের ফলে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সমান আইনি মর্যাদা ও সম্মান পেল বন্দে মাতরম্‌।

বন্দে মাতরম্ আইনের প্রধান দিকসমূহ

এতদিন পর্যন্ত ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’-এর মাধ্যমে কেবল জাতীয় সঙ্গীতের অপমান বা অবমাননা করলে শাস্তির আইনি বিধান ছিল। নতুন সংশোধিত আইনে জাতীয় গানকেও এর আওতায় আনা হলো।

  • শাস্তির মেয়াদ: সংশোধিত আইন অনুযায়ী, জাতীয় গান পরিবেশনের সময়ে ইচ্ছাকৃত ভাবে বিঘ্ন ঘটানো নিষিদ্ধ করা হয়েছে। অপমানে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
  • পরিবেশন ও শিষ্টাচার: জাতীয় গান গাওয়ার সময় সঠিক মর্যাদা ও নিয়ম অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

৩ মিনিট ১০ সেকেন্ডের নিয়মবিধি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকার ইতিমধ্যেই জাতীয় গান পরিবেশনের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম নির্ধারণ করেছে। ৬টি স্তবক সম্পূর্ণ গাইতে সময় নিতে হবে ঠিক ১৯০ সেকেন্ড (৩ মিনিট ১০ সেকেন্ড)। সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের ঠিক আগে এটি গাওয়া হবে।

লালকেল্লায় স্বাধীনতা দিবসে প্রথম ইতিহাস

এ বছরের লালকেল্লার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাবে। ঐতিহাসিকভাবে এতদিন লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করার প্রথা ছিল। তবে নতুন আইন অনুসারে এবার প্রথম ‘বন্দে মাতরম্’ গাওয়া হবে এবং পরবর্তীতে পরিবেশিত হবে ‘জনগণমন’।

________

Scroll to Top