দেবজিৎ মুখার্জি, কলকাতা: সিঙ্গুরবাসীদের মনে আশার আলো জাগালেন তাপস রায়! শিল্প দপ্তরের দায়িত্ব পেয়ে তিনি দিলেন বড় আশ্বাস। কী সেই আশ্বাস? তাঁর প্রতিশ্রুতি, টাটাকে পশ্চিমবঙ্গে ফেরানো হবেই। যদিও টাটা গোষ্ঠীর তরফ থেকে বিনিয়োগ সিঙ্গুরেই করা হবে কিনা, সেই ব্যাপারে তিনি নিশ্চিত কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন যে যেই সমস্ত বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছে, তাদের ফেরাতে হবে।
তাপস রায় বলেন, “রাজ্যে টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা বেঁচে থাকলে, তাঁর কাছে ছুটে গিয়ে অনুরোধ করতাম হাত জোর করে যে তিনি যেন বিনিয়োগ করেন বাংলায়। টাটাকে ফিরিয়ে আনতে দেখা করব তাদের হেডকোয়ার্টারে গিয়ে।” তিনি এও স্পষ্ট করেন, “তারা ছাড়াও যে সমস্ত বিনিয়োগকারী রয়েছেন, তাঁদের হাতে-পায়ে ধরে শিল্প আনব রাজ্যে।”
তাপস রায় এই অভিযোগও করেন যে তোলাবাজি ছাড়াও নানা কারণে বিনিয়োগকারীরা বাংলা ছেড়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস আমলে এবং এই পরিস্থিতিতে তাঁদের মূল কাজ হবে বিনিয়োগকারীদের বাংলায় ফেরানোই। তিনি জানান, “আগের সরকারের নজর ছিল নিজেদের শিল্প বাড়ানো এবং এক পরিবারের বৈভব বাড়ানোর দিকেই। রাজ্যের দিকে তাদের কোনও নজর ছিল না।”
উল্লেখ্য, বাম আমলে টাটা গোষ্ঠী এসেছিল সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির জন্য এসেছিল টাটা গোষ্ঠী। কৃষকদের জমি নিয়ে কারখানা তৈরির ব্যাপারে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। অবশেষে রাজ্য ছেড়ে চলে যায় টাটারা। সুপ্রিম নির্দেশে সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস আমলে। তবে এখনও চাষযোগ্য হয়ে ওঠেনি সেই জমি বলে খবর। সেই জমিতেই কি ফিরিয়ে আনা হবে টাটাদের? যদিও তাপস রায়ের তরফ থেকে সেটা স্পষ্ট করা হয়নি। তবে তিনি জানিয়ে দেন যে তিনি টাটাকে রাজ্যে ফিরিয়ে আনবেনই।



By










