দেবজিৎ মুখার্জি, নদীয়া: রবিবার নদীয়ার ফুলিয়ায় সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম বিধায়ক, শুভেন্দু অধিকারীর। কিন্তু তার আগে সেখানে ঘটল এক বড় ঘটনা। কী সেই ঘটনা? রাতের অন্ধকারে মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা চুরির অভিযোগ উঠল দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের শীতলা মন্দিরপাড়া এলাকার সরস্বতী পুজোর প্রতিমা বিসর্জনের কথা ছিল শনিবার। কিন্তু অভিযোগ, শুক্রবার রাতে এক স্থানীয় বিজেপি নেতা রাতের অন্ধকারে প্রতিমা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং স্থানীয়দের নজরে আসায় তিনি তা রেখে পালিয়ে যান। স্থানীয়দের বক্তব্য, কীর্তিটি করেছিলেন দুই যুবক এবং তাঁদের বিজেপি যোগ রয়েছে।
স্থানীয়দের তরফ থেকে যখন প্রশ্ন তোলা হয় মন্ডপ থেকে প্রতিমা সরানোর কারণ নিয়ে, তখন তাঁদের জানানো হয় যে রাতে কুকুর ঘুরছিল প্রতিমার কাছে। সেক্ষেত্রে এই প্রশ্নও ওঠে যে কেন কাউকে না ডেকে বা পাহারায় না রেখে এমনটা করা হলো। শনিবার ঘটনার প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তারা বিক্ষোভ দেখায় ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। গেরুয়া শিবির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ঠাকুরের পবিত্রতা রক্ষার চেষ্টার যুক্তি তুলে ধরে। তাদের বক্তব্য, তারা সেটাই জানতে পেরেছে এবং তাদের সেটাই জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।



By










