• Home
  • জেলার খবর
  • জনরোষের মুখে পড়লেন সব্যসাচী দত্ত, ছোড়া হলো ডিম-টমেটো-গোবর

জনরোষের মুখে পড়লেন সব্যসাচী দত্ত, ছোড়া হলো ডিম-টমেটো-গোবর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার জনরোষের মুখে পড়লেন বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক, সব্যসাচী দত্ত। তাঁকে যখন কোর্টে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিধাননগর উত্তর থানার সামনে থেকে উঠতে শুরু করে ‘চোর চোর’ স্লোগান। শুধু তাই নয়, ক্ষুব্ধ জনতার তরফ থেকে ছোড়া হয় ডিম, পচা টমেটো এবং গোবরও। আদালত চত্বরেও তাঁকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য।

প্রসঙ্গত, সম্প্রতি সল্টলেকের এক ব্যাবসায়ীর তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বিধাননগর কমিশনারেটে। সেখানে তোলাবাজি সহ দিনের পর দিন হুমকি ও নানা সময়ে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার ভিত্তিতেই তদন্ত নামে পুলিশ এবং সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার এক আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ১৮তম বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ইতিহাস গড়েছে বিজেপি। এরপরই রাজ্যের নানা প্রান্তে গ্রেফতার হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা, যা ঘিরে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের একাধিক নেতা বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন। পথে নেমেও এর প্রতিবাদ জানানো হয়েছে দলের তরফ থেকে।

তবে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেফতারি অব্যাহত রয়েছে। এর জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ঘাসফুল শিবিরের ভবিষ্যৎ কি? এখানেই শেষ নয়, এই প্রশ্নও উঠতে শুরু করেছে যে সত্যিই কি এবার উঠে যাওয়ার পথে দল। কী হতে চলেছে আগামী দিনগুলিতে? এই জাতীয় একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগে কি হয়।

Scroll to Top