দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার অভিযোগ দায়ের হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। বেআইনিভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করে শহরে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির অভিযোগ উঠল তাঁর এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন সহ ৫ জনের বিরুদ্ধে। সোমবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার বৌবাজার থানায় এক বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ‘মেঘদূত ফাউন্ডেশন’এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়ের তরফ থেকে।
অভিযোগকারী সংস্থার বক্তব্য, বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে বিশাল দামে ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রি করা হচ্ছিল পুজোর আগের প্রিভিউ শোয়ের জন্য, কিন্তু এই জাতীয় কোনও বাণিজ্যিক চুক্তি কখনো করাই হয়নি ইউনেস্কোর তরফ থেকে। এই সংক্রান্ত প্রমাণ তারা দিয়েছে। পাশাপাশি অফিশিয়াল ইমেল ও একাধিক আইনি নথিপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইউনেস্কোর সাথে এই জাতীয় টিকিট বিক্রি বা বাণিজ্যিক কর্মকান্ডের কোনও সম্পর্ক নেই। ফলে দাবি করা হয়েছে যে যেই চক্রটি সক্রিয় হয়েছিল ইন্দ্রনীল সেনের পরিবারের নাম জড়িয়ে, তা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে জালিয়াতি ও প্রতারণার উপর।
তাঁদের দাবি, ইউনেস্কো শহরের দুর্গাপূজাকে আবহমান কালচারাল হেরিটেজের স্বীকৃতি দেওয়ার পর থেকেই এটিকে ফায়দা লোটার অস্ত্র করতে চাইছে কিছু অসাধু মাথা। অভিযোগ, পুজোর মরশুমকে সামনে রেখে এই ইন্টারন্যাশনাল লেভেলের অবৈধ বাণিজ্য চক্রটি তৈরি হয়ে গিয়েছিল ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর ছাতায়। পুজো মণ্ডপগুলিতে জনস্রোত নামার আগে পরিকল্পনা করা হয়েছিল ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার পাইকারি টিকিট বিক্রি করে মোটা অংকের টাকা তোলার। এখনো পর্যন্ত যদিও লালবাজারের তরফ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্র মারফত খবর, পুলিশের তরফ থেকে আইনি নথিপত্রগুলি নিপুনভাবে দেখা হচ্ছে এবং এরপর দরকারি পদক্ষেপ করা হবে।



By










