• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেও দেখা গেল না যুবরাজকে

মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেও দেখা গেল না যুবরাজকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ৩ দিনের দিল্লি সফর সেরে বুধবার কলকাতায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সাথে দেখা গেল না তাঁর ভাইপো, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন যে সই জাল কাণ্ডে গ্রেপ্তারি থেকে বাঁচতেই দিল্লিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। 

ভোট পরবর্তী বঙ্গ রাজনীতির অন্যতম বড় আলোচনার পাত্র ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে-বাইরে, উভয়তেই নানাভাবে অস্বস্তিআর সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। তার উপর বাড়তি সংযোজন সই জাল কাণ্ড। ইতিমধ্যেই তিনবার নোটিস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার তৃতীয় সমনের ডেডলাইন থাকা সত্ত্বেও তিনি শনিবার দিল্লিতে যান ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে। এরপরই সিআইডির তরফ থেকে, তাঁর গতিবিধি নজরে রাখতে, যোগাযোগ করা হয় দমদম বিমানবন্দের কর্তৃপক্ষের সাথে। সুতরাং তিনি কলকাতায় পা রাখলেই যে গ্রেফতার হবেন না, উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই আশঙ্কা।

এই আবহে রক্ষাকবচের আবেদন নিয়ে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে যান বর্ষিয়ান তৃণমূল সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে খারিজ করে দেওয়া হয়েছে জরুরি শুনানির আরজি। কিন্তু শুনানি হবে আগামীকাল। শোনা যাচ্ছে, সেই কারণেই তিনি আজও কলকাতায় ফিরলেন না। এদিন দিল্লি বিমানবন্দরে গিয়েও পরিস্থিতি সুবিধাজনক নয় বুঝে তিনি ফিরে যান। মনে করা হচ্ছে, আগামীকাল রক্ষাকবচ মিললেই শহরে ফিরবেন অভিষেক। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি তিনি রক্ষাকবচ না পান, তাহলে তারপরে কী হবে।

Scroll to Top