• Home
  • দেশ
  • মধ্যপ্রাচ্যের সংঘাতের বিশ্রী আঁচ, কমলো সেনসেক্স-নিফটির পয়েন্ট, পতন টাকায়

মধ্যপ্রাচ্যের সংঘাতের বিশ্রী আঁচ, কমলো সেনসেক্স-নিফটির পয়েন্ট, পতন টাকায়

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের আঁচ বিশ্রীভাবে পড়েছে ভারতের বাজারে। একধাক্কায় অনেকটা কমেছে সেনসেক্সের পয়েন্ট। শুধু তাই নয়, নিফটির অবস্থাও শোচনীয়। সেখানেও পতন দেখা গিয়েছে। অন্যদিকে, টাকার ক্ষেত্রেও পতন দেখা গিয়েছে। সোমবার সকালে দাম পড়েছে সর্বকালের রেকর্ড ছুঁয়ে।

এদিন সকাল ৯টা বেজে ১৮ মিনিট অবধি সেনসেক্স পড়েছে ২,১৭৭.৬১ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ৭৬,৭৪১.২৯ পয়েন্টে। নিফটি এসে দাঁড়িয়েছে ২৩,৮০২.৮৫ পয়েন্টে ৬৪৭.৬০ পয়েন্টে পড়ে। জানা গিয়েছে, যুদ্ধের আবহে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যাংকিং, আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বন্ধের জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে। পাশাপাশি, বিদেশী বিনিয়োগকারীরাও টাকা তুলে নিচ্ছেন দেশের বাজার থেকে গ্লোবাল ট্রেডের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে গত ৪ মার্চ ৭০ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছিল ৯২ টাকা ১৭ পয়সা। তবে এবার তা সর্বকালের রেকর্ড ছুঁয়েছে এবং এসে দাঁড়িয়েছে ৯২ টাকা ৩০ পয়সায়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে বুদ্ধ চলার পাশাপাশি যদি অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে, তাহলে আরো পতন দেখা যাবে টাকার ক্ষেত্রে। শুধু তাই নয়, শেয়ার বাজারে দুরবস্থা ও ভারতীয় মুদ্রার ক্ষমতা হারানোর নেপথ্যে রয়েছে গ্লোবাল ওয়ার, অপরিশোধিত তেলের দাম বাড়া এবং দেশের বাজার থেকে বিদেশী বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়া। এবার দেখার বিষয় যে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top