দেবজিৎ মুখার্জি, হুগলি: আরও বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এবার তাঁর বিরুদ্ধে উঠলো ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ। ঘটনা জানাজানি হতে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে, তেমনি অস্বস্তি আরো বাড়লো প্রাক্তন শাসকদলের।
পুলিশ ও আদালত সুত্র মারফত জানা গিয়েছে যে ২০২৩ সালে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতীর তরফ থেকে। তাতে যুক্ত হয়েছে অসিত মজুমদারের নামও। শুক্রবার কোর্টে তাঁকে তোলা হলে নথি খতিয়ে দেখে বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আরও দুই সপ্তাহ জেল হেফাজতের। যদিও তিনি জামিন পেয়েছিলেন তোলাবাজির মামলায়, তবে জেলমুক্তির পথ কঠিন হয়ে গেল এই নতুন অভিযোগ আসায়।
প্রসঙ্গত, সম্প্রতি অসিত মজুমদার গ্রেপ্তার হন সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার বিক্ষোভ করতে গিয়ে। পরে তোলাবাজির মামলায় নাম জড়ানোতে তিনি ইতিমধ্যেই আইনি চাপে ছিলেন। তার উপর সেই চাপ দ্বিগুণ হল ২০২৩ সালের এক অভিযোগ ঘিরে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By










